এ মাসের শেষে বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানফাইল ছবি

বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে আলোচনার জন্য পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান চলতি মাসের শেষ দিকে চীন যাচ্ছেন। বেইজিং সফরের সময় তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠক করবেন।

আজ রোববার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সৌজন্য সাক্ষাতের সময় ওই সফরের বিষয়ে আলোচনা হয়েছে। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন চীনের রাষ্ট্রদূত।

প্রসঙ্গত, গত ১৭ ফেব্রুয়ারি খলিলুর রহমান বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তাঁকে অভিনন্দন জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী ও কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর সদস্য ওয়াং ই। অভিনন্দনবার্তায় ওয়াং ই বলেন, দুই দেশের শীর্ষ নেতাদের নেওয়া সিদ্ধান্তগুলো বাস্তবায়নে তিনি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে কাজ করতে চান। এর মাধ্যমে তিনি চীন-বাংলাদেশ ‘বিস্তৃত কৌশলগত অংশীদারত্বের’ সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

ঢাকার সঙ্গে সম্পর্কের বিষয়ে বেইজিংয়ের গুরুত্বের উল্লেখ করে ওয়াং ই বিভিন্ন খাতে সহযোগিতা আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

এদিকে চলতি মাসে বাংলাদেশ ও চীনের পররাষ্ট্রসচিবদের মধ্যে ঢাকায় বৈঠক হওয়ার কথা থাকলেও একেবারে শেষ মুহূর্তে তা স্থগিত হয়ে যায়। ৩ এপ্রিল ঢাকায় দুই দেশের পররাষ্ট্রসচিবদের ১৪তম বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বৈঠকে চীনের উপপররাষ্ট্রমন্ত্রী সুন ওয়েইডংয়ের তাঁর দেশের নেতৃত্ব দেওয়ার কথা ছিল। কিন্তু তাঁকে পূর্ণাঙ্গ মন্ত্রী করার ফলে চীনের পক্ষ থেকে বৈঠকটি স্থগিত করার অনুরোধ জানানো হয়।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বেইজিং সফরের আগে ঢাকায় দুই দেশের পররাষ্ট্রসচিবদের ওই বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা কম।