ইসির ক্ষমতা হ্রাস সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্রকে ঝুঁকির মুখে ফেলবে: সুজন
জাতীয় সংসদে গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) সংশোধনী পাসের প্রতিবাদ জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। তারা বলেছে, নির্বাচন কমিশনের (ইসি) ক্ষমতা হ্রাস সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্রকে ঝুঁকির মুখে ফেলবে। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেছে সংগঠনটি।
মঙ্গলবার নির্বাচনে অনিয়ম-বল প্রয়োগের মতো ঘটনায় ভোট বন্ধে নির্বাচন কমিশনের (ইসি) ক্ষমতা কমাতে গণপ্রতিনিধিত্ব আদেশ–সংক্রান্ত (আরপিও) সংশোধনী সংসদে পাস হয়। এর প্রতিক্রিয়ায় বুধবার সুজন সভাপতি হাফিজ উদ্দিন খান ও সম্পাদক বদিউল আলম মজুমদারের সই করা এ বিবৃতি গণমাধ্যমে পাঠানো হয়।
সংশোধিত আরপিও অনুযায়ী, ভোট গ্রহণ শুরু হওয়ার আগে ইসি চাইলেও এখন আর ভোট বন্ধ করতে পারবে না। এ ছাড়া রিটার্নিং কর্মকর্তা ফলাফল ঘোষণা করার পর কোনো অনিয়মের অভিযোগ উঠলেও পুরো আসনের (সংসদীয়) ফলাফল স্থগিত বা ভোট বাতিল করতে পারবে না ইসি। শুধু যেসব ভোটকেন্দ্রে অনিয়মের অভিযোগ থাকবে, সেসব ভোটকেন্দ্রের ফলাফল চাইলে স্থগিত করতে পারবে।
বিবৃতিতে বলা হয়, এমনিতেই নির্বাচন কমিশন সব রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠনের কাছে আস্থা অর্জন করতে পারেনি। আরপিওর এই সংশোধনী নির্বাচন কমিশনকে আরও আস্থার সংকটে ফেলবে এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনের ক্ষেত্রে একটি ক্ষমতাহীন প্রতিষ্ঠানে পরিণত করবে। তা ছাড়া সব দলের অংশগ্রহণে আসন্ন জাতীয় নির্বাচন প্রতিযোগিতামূলক হবে কি না, তা নিয়ে যখন সংকটে নিমজ্জিত, তখন এ ধরনের একটি উদ্যোগ সংকটকে আরও ঘনীভূত করবে। এ অবস্থায় নির্বাচন স্থগিত ও ফলাফল বাতিলের ক্ষমতা নির্বাচন কমিশনকে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে সুজন।
সুজনের বিবৃতিতে বলা হয়, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব। এ দায়িত্ব পালন করতে হলে নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে আইনি দায়িত্ব পালন করতে হবে। নির্বাচন কমিশনের ক্ষমতা হ্রাস করা সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে ঝুঁকির মুখে ফেলবে।