প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদির ঈদের শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো এক শুভেচ্ছাবার্তায় নরেন্দ্র মোদি লিখেছেন, ‘ভারতের জনগণের পক্ষ থেকে আপনাকে এবং বাংলাদেশের জনগণকে ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানাই।’
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ চিঠির কথা জানায়।
শুভেচ্ছাবার্তায় ভারতের প্রধানমন্ত্রী উল্লেখ করেন, পবিত্র রমজান মাসব্যাপী ভারতসহ বিশ্বের মুসলিম সম্প্রদায় রোজা রেখেছে এবং প্রার্থনা করেছে। ঈদুল ফিতরের এই শুভক্ষণ উপলক্ষে মুসলিম উম্মাহর সঙ্গে বিশ্ববাসীও একাত্মতা ও ভ্রাতৃত্বের মূল্যবোধ উপলব্ধি করতে পারছে।
নরেন্দ্র মোদি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত উদ্যোগের ফলেই দুই দেশের বহুমুখী অংশীদারত্বমূলক সম্পর্ক বিশ্বে প্রতিবেশী সম্পর্কের ‘রোল মডেল’-এ পরিণত হয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী বলেন, তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ধারাবাহিকভাবে কাজ করে দুই দেশের সম্পর্ক আরও নতুন উচ্চতায় নিয়ে যেতে চান।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঈদুল ফিতর উপলক্ষে দুই দেশের জনগণসহ বিশ্ববাসীর শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য ও সুখী জীবন কামনা করেন।