আদালত অবমাননা: বিএনপিপন্থী ৭ আইনজীবীকে ব্যাখ্যা জানাতে আপিল বিভাগে তলব
আপিল বিভাগের দুজন বিচারপতি সম্পর্কে এক সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যের সূত্র ধরে আদালত অবমাননার আবেদনে যে প্রশ্ন তোলা হয়েছে, সে বিষয়ে নিজেদের ভূমিকা ব্যাখ্যা করতে বিএনপিপন্থী সাত আইনজীবীকে তলব করা হয়েছে। আগামী ১৫ জানুয়ারি সকাল ৯টায় আপিল বিভাগে (১ নম্বর কোর্টে) তাঁদের হাজির হতে বলা হয়েছে।
প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ আজ বুধবার এ আদেশ দেন। বেঞ্চের অপর তিন সদস্য হলেন—বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি জাহাঙ্গীর হোসেন।
বিএনপিপন্থী সাত আইনজীবী হলেন—কায়সার কামাল, এ জে মোহাম্মদ আলী, ফাহিমা নাসরিন, মো. আবদুল জব্বার ভূঁইয়া, মো. রুহুল কুদ্দুস, মোহাম্মদ মাহবুবুর রহমান খান ও গাজী কামরুল ইসলাম।
সুপ্রিম কোর্টের আইনজীবী মো. নাজমুল হুদা গত ২৯ আগস্ট বিএনপিপন্থী এই সাত আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার আবেদনটি করেন। আবেদনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে ২৭ আগস্ট সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যের কয়েকটি লাইন উদ্ধৃত করা হয়। বিচারপতিদের নিয়ে ব্যানার-লিফলেটসহ বিএনপিপন্থী আইনজীবীদের মিছিল, অবস্থানের ছবিও আবেদনে যুক্ত করা হয়।
৩০ আগস্ট আবেদনটি আপিল বিভাগে শুনানির জন্য ওঠে। সেদিন আপিল বিভাগ আদালত প্রাঙ্গণে সমাবেশ, মিছিল, র্যালি, মানববন্ধন ও ধর্মঘট না করতে হাইকোর্টের ২০০৫ সালের ২৩ মে দেওয়া আদেশ কঠোরভাবে মেনে চলতে সবাইকে নির্দেশ দেন। একই সঙ্গে আদালত অবমাননার আবেদনটি শুনানির জন্য গত ১৯ অক্টোবর তারিখ ধার্য করেন আপিল বিভাগ। সেদিন আপিল বিভাগ ১৫ নভেম্বর পর্যন্ত শুনানি মুলতবি করেন। এর ধারাবাহিকতায় আপিল বিভাগের আজকের কার্যতালিকায় আবেদনটি শুনানির জন্য ২ নম্বর ক্রমিকে ওঠে।
হাইকোর্টের আদেশ মানতে নির্দেশ
অবমাননার আবেদনকারীর পক্ষে আজ আদালতে শুনানি করেন আইনজীবী নাহিদ সুলতানা। তিনি বলেন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সুপ্রিম কোর্ট প্রশাসন এক আলোচনা সভার আয়োজন করে। এই অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের বিচারপতির দেওয়া বক্তব্য অপব্যাখ্যা করে তথ্যসন্ত্রাস করেন তাঁরা (বিএনপিপন্থী সাত আইনজীবী)। ২৭ আগস্ট তাঁরা একটি সংবাদ সম্মেলন করেন, যা গণমাধ্যমে প্রচারিত হয়। দেশের বিচার বিভাগ নিয়ে জনমনে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আদালত অবমাননার কার্যধারা শুরু করার জন্য আবেদনটি করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শান্তি চান তিনি, যাতে ভবিষ্যতে বিচার বিভাগ ও বিচারপতিদের নিয়ে বিরূপ কথা বলার ধৃষ্টতা কেউ না দেখাতে পারেন। এই পবিত্র অঙ্গনকে তাঁরা তাঁদের একটি মিশন হিসেবে বেছে নেন। তাঁরা বিচারপতিদের নিয়ে কটাক্ষ করা শুরু করেছেন। এসব বন্ধ করে বিচার বিভাগকে সম্মানজনক অবস্থানে রাখার প্রয়াসে এই আদালত অবমাননার আবেদন।
আইনজীবী নাহিদ সুলতানা শুনানিতে বলেন, সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়ে যে ধরনের কথা বলা হয়েছে, তাতে সাধারণ জনগণ, বিচারপ্রার্থী ও আইনজীবীরা ব্যথিত। এখনো তাঁরা অবমাননাকর কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
এ সময় প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, ‘হাইকোর্টের আদেশ (আদালত প্রাঙ্গণে সমাবেশ, মিছিল, র্যালি, মানববন্ধন ও ধর্মঘট না করতে) কি অনুসরণ করা হচ্ছে?’
তখন নাহিদ সুলতানা বলেন, ‘পুরোপুরি মানা হচ্ছে না মনে হয়।’
একপর্যায়ে আইনজীবী মহসীন রশিদ দাঁড়িয়ে কিছু বলতে গেলে প্রধান বিচারপতি তাঁর উদ্দেশে বলেন, ‘হু আর ইউ?’
তখন মহসীন রশিদ বলেন, ‘অ্যাপ্লিকেন্টস (আবেদনকারী), অ্যাডেড পার্টি (পক্ষভুক্ত) হতে।’
প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, ‘কোথায় পার্টি (পক্ষভুক্ত) হবেন?’
তখন মহসীন রশিদ বলেন, ‘এর মধ্যে (অবমাননার আবেদন) পক্ষ হতে।
মহসীন রশিদকে উদ্দেশ করে প্রধান বিচারপতি বলেন, ‘এখনো রুল ইস্যু হয়নি।’
উল্লেখ্য, আইনজীবী নাজমুল হুদার করা আবেদনে যাঁদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে, তাঁদের সঙ্গে বিবাদী হিসেবে পক্ষভুক্ত হতে মহসীন রশিদসহ বিএনপিপন্থী সমমনা ১৯৫ জন আইনজীবী ১৮ অক্টোবর আপিল বিভাগে একটি আবেদন করেন।
আজ শুনানি নিয়ে আপিল বিভাগ হাইকোর্টের আদেশ (আদালত প্রাঙ্গণে সমাবেশ, মিছিল, র্যালি, মানববন্ধন ও ধর্মঘট না করতে) কঠোরভাবে অনুসরণ করতে নির্দেশসহ আদেশ দেন। ১৫ জানুয়ারি বিষয়টি শুনানির জন্য কার্যতালিকায় আসবে বলে আপিল বিভাগের আদেশে বলা হয়। এ সময় প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, ‘হাইকোর্টের আদেশ সবাই কঠোরভাবে পালন করবেন।’
এরপর মহসীন রশিদের উদ্দেশে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, ‘কী বলবেন, বলেন।’
তখন মহসীন রশিদ বলেন, ‘অবমাননার আবেদনের পক্ষ থেকে আবেদন দেওয়া হয়েছে।’
প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, ‘অবমাননার আবেদনের পক্ষ হওয়ার সুযোগ কোথায়? নজির আছে কি?’
তখন মহসীন রশিদ বলেন, ‘আমরা যেটি বলতে চাই, এটি কোনো অপরাধ হয়নি।’
প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, ‘এটা আপনার বলার কী হলো? যাঁদের নোটিশ (সাত আইনজীবী) করা হয়েছে, তাঁরা কোর্টে এসে বলবেন।’
মহসীন রশিদ বলেন, ‘একই ঘটনা, আমাদের নিয়ে (অবমাননাকারী হিসেবে) নেন।’
তখন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, ‘আপনাদের কেন?’
মহসীন রশিদ বলেন, ‘আমরা (১৯৫ জন আইনজীবী) স্বেচ্ছায় এসেছি।’
মহসীন রশিদকে উদ্দেশ করে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, ‘আদালত অবমাননার আবেদনে পক্ষ হওয়ার নজির কোথায় আছে, দেখান। ওনারা (সাতজন) এসে বলুক করেছেন কি না।’