সাবেক চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর আয়কর নথি জব্দের আদেশ

সাবেক চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীছবি: সংগৃহীত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও মাদারীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরীর আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

আজ বুধবার ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

দুদকের সহকারী পরিচালক ও মামলার তদন্তকারী কর্মকর্তা এ কে এম মর্তুজা আলীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দিয়েছেন।

আবেদনে বলা হয়েছে, নূর-ই-আলম চৌধুরীর বিরুদ্ধে ৫৭ কোটি ৪৯ লাখ ৭ হাজার ৭৯৮ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং নিজের ভোগদখলে রাখার অভিযোগ রয়েছে। তাঁর আটটি ব্যাংক হিসাবের মাধ্যমে ২৩২ কোটি ১১ লাখ ৮০ হাজার ২৪০ টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে দুদক মামলাটি করেছে।

মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে নূর-ই-আলম চৌধুরীর ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত আয়কর নথির স্থায়ী ও বিবিধ অংশসহ সংশ্লিষ্ট যাবতীয় মূল নথিপত্র জব্দ করা প্রয়োজন—এমনটাই বলা হয়েছে আবেদনে।

আরও পড়ুন