আবদুল আউয়ালের ছেলেকে বিদেশ যেতে বাধা, হাইকোর্টের রুল
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর ছেলে তাফসির মোহাম্মদ আউয়ালকে দেশের বাইরে যেতে বাধা দেওয়ার কার্যক্রম কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।
এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এ রুল দেন। ১২ মার্চ রুল শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালত। নির্বিঘ্নে বিদেশ যেতে ও দেশে ফিরে আসতে নির্দেশনা চেয়ে তাফসির ২ মার্চ ওই রিট করেন। তাফসির জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিক। যুক্তরাষ্ট্রের পাশাপাশি তিনি যুক্তরাজ্যেও পড়াশোনা করেছেন।
আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মুস্তাফিজুর রহমান খান ও সাকিব মাহবুব। দুদকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন।
পরে আইনজীবী সাকিব মাহবুব প্রথম আলোকে বলেন, ২০২০ সালের ৪ অক্টোবর দুদক এক স্মারকের সূত্রে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে তাফসিরের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেয়। এই স্মারক ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি হাইকোর্ট অবৈধ ঘোষণা করে রায় দেন। এর আগে আপিল বিভাগ এ বিষয়ে নির্দেশনাসহ রায় দিয়েছেন। রায়ে দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের তিনদিনের মধ্যে আদালত থেকে অনুমতি দেওয়ার কথা বলা রয়েছে। এ অবস্থায় ২০২০ সালের ৪ অক্টোবরের ওই স্মারক দেখিয়ে ১ মার্চ তাফসিরকে যুক্তরাজ্যে যেতে বাধা দেয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ। এ নিয়ে রিটটি করা হলে হাইকোর্ট ওই রুল দিয়েছেন।
এই আইনজীবী বলেন, জননিরাপত্তা বিভাগের সচিব, দুদক চেয়ারম্যান, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশের কমিশনার, পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (এসবি), পুলিশের উপমহাপরিদর্শক (ইমিগ্রেশন) ও হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ইমিগ্রেশন) ১০ বিবাদীকে রুলের জবাব দিতে হবে।