অনেক দিন পর আবার একসঙ্গে ৯ বন্ধু, হয়ে গেল সেলফি
৯ বন্ধুর একসঙ্গে শেষ দেখা হয়েছিল গত ১০ জুন। সেদিন তাদের এসএসসির ব্যবহারিক পরীক্ষা ছিল। পরীক্ষার ফলাফল প্রকাশের দিন যে যার বাসায় ছিল। আজ বুধবার সকাল সকাল আবার সবাই জড়ো হলো সাভারের আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমে। অংশ নিয়েছে ‘শিখো-প্রথম আলো জিপিএ-৫ সংবর্ধনা’ অনুষ্ঠানে।
তারা সবাই রাজধানীর উত্তরা নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিল। এখন একেকজন একেক কলেজে ভর্তি হয়েছে। আনন্দে ফ্যান্টাসি কিংডমের গেটে গিয়েই নাঈমুল ইসলাম নোমানের সেলফিতে উল্লাসে মাতে ৯ বন্ধু। নাঈমুল ইসলাম এখন পড়ছে উত্তরা সরকারি কলেজে।
নাঈমুল ইসলাম বলে, ‘ভোরে ঘুম থেকে উঠেছি। দেড় ঘণ্টা ভ্রমণ করে ফ্যান্টাসি কিংডমে এলাম। সংবর্ধনার সঙ্গে বন্ধুদের সঙ্গে একটি দিন থাকব। এটাই সবচেয়ে আনন্দের।’
৯ বন্ধুর আরেকজন এখন পড়ছে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজে। নাম মাহি রহমান। ওর স্বপ্ন, একজন ভালো চিকিৎসক হয়ে গরিব মানুষকে বিনা মূল্যে সেবা দেবে। সে বলে, ‘ওই মানুষগুলোর অনেকে টাকার অভাবে চিকিৎসা পায় না। অনেক মারাও যায়। আমার দেখে কষ্ট লাগে। তাই তাদের জন্য কিছু করতে চাই।’
মাহি আরও বলে, ‘জিপিএ-৫ পাওয়ার পর এখন সংবর্ধনা পাচ্ছি, এটা ভালো লাগার। কিন্তু সবচেয়ে আনন্দের হলো সব বন্ধুর সঙ্গে জড়ো হওয়া। প্রথম আলোকে ধন্যবাদ আমাদের এই সুযোগ করে দেওয়ায়।’
‘স্বপ্ন দেখো, জীবন গড়ো’ স্লোগানে দেশের ৬৪ জেলার কৃতী শিক্ষার্থীদের নিয়ে চলছে প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় জিপিএ-৫ উৎসব। উৎসবে চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হচ্ছে।
ঢাকা অঞ্চলের উৎসবের দ্বিতীয় দিনে আজ ঢাকা, মানিকগঞ্জ ও গাজীপুর জেলার ১০ হাজারের বেশি কৃতী শিক্ষার্থী উৎসবে অংশ নিয়েছে। ফ্যান্টাসি কিংডমে সকাল ৯টায় এ অনুষ্ঠান শুরু হয়েছে। তার আগে থেকেই অনুষ্ঠানস্থলে আসতে থাকে শিক্ষার্থী ও অভিভাবকেরা। অনুষ্ঠান চলবে বিকেল ৪টা পর্যন্ত। গতকাল মঙ্গলবার ১০ হাজার কৃতী শিক্ষার্থী অংশ নেয় ফ্যান্টাসি কিংডমে।
দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থীদের ভালো ফলের আনন্দ একসঙ্গে উদ্যাপন করতে থাকছেন বিশিষ্টজন ও তারকা শিল্পীরা।
অনুষ্ঠান উপস্থাপনা করবেন প্রথম আলোর সহযোগী সম্পাদক সুমনা শারমীন। থাকছেন কনকর্ড গ্রুপের প্রধান বিপণন কর্মকর্তা অনুপ কুমার সরকার, প্রেসিডেন্সি ইউনিভার্সিটির স্কুল অব বিজনেসের ডিন অধ্যাপক আবুল কালাম, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট (একাডেমিক) অধ্যাপক এইচ এম জহির, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের অতিরিক্ত পরিচালক জাবের আহমদ, এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মহাব্যবস্থাপক মো. কামরুজ্জামান তালুকদার, আম্বার আইটি লিমিটেডের সহকারী মহাব্যবস্থাপক সুব্রত সরকার শুভ্র।
শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্যে অংশ নেবেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক, গবেষক ও পর্যটক এলিজা বিনতে এলাহী এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) মার্স রোভার টিমের কো টিম লিডার শেখ সাকিব হোসেন।
এ ছাড়া শিক্ষার্থীদের গান-আড্ডায় মাতিয়ে রাখতে থাকছেন সংগীতশিল্পী তানভীর ইভান, জেফার রহমান ও অভিনেত্রী সাফা কবির। উপস্থাপনা করবেন রাফসান শাবাব।
আয়োজনটি পাওয়ার্ড বাই বিকাশ এবং সহযোগিতায় থাকছে কনকর্ড গ্রুপ, ফ্রেশ, সেভয় আইসক্রিম, কনকা গ্রী, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, কোয়ালিটি গ্রুপ, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, জিংক বি, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ক্যাম্পাস, আম্বার আইটি লিমিটেড, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা।