দোলনের ছোট উদ্যোগে অভাব ঘুচল তাঁদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের আমবাগান, ঝাউতলা,ও জালালাবাদ এলাকার বিভিন্ন পরিবারকে সেলাই মেশিন দেওয়া হয়েছে
ছবি: সংগৃহীত

রাত দেড়টা। রাস্তাঘাটে মানুষ নেই। অফিসের কাজ সেরে নির্জন পথ দিয়ে বাসায় ফিরছিলেন মো. দোলন। হঠাৎ কানে ভেসে আসে আর্তনাদ। ছুটে যান সেখানে। দেখতে পান, রাস্তার ওপর পড়ে আছেন দুই ব্যক্তি। টমটম গাড়ির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়ে কাতরাচ্ছিলেন তাঁরা।

দোলনের চিৎকারে আশপাশের বাড়ি থেকে বের হয়ে আসেন লোকজন। গুরুতর আহত দুজনকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। শেষ পর্যন্ত প্রাণে বেঁচে যান ওই দুই ব্যক্তি। তাঁদের একজন ছিলেন একটি নিরাপত্তা বাহিনীর সদস্য। এভাবে আহত ব্যক্তিদের উদ্ধার তৎপরতার ঘটনায় নিরাপত্তা বাহিনীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে বাহবা পান মো. দোলন। প্রশংসা ও স্বীকৃতিও মেলে।

এতে অনুপ্রাণিত হয়ে দোলন এবার তাঁর স্বপ্নপূরণের পথে কোমর বেঁধে মাঠে নামেন। ছাত্রজীবন থেকেই যতটুকু পেরেছেন মানুষের উপকারে হাত বাড়িয়ে দিয়েছেন। স্বপ্ন ছিল, তিনি যেন অভাবগ্রস্ত, হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষকে স্বাবলম্বী করে তুলতে পারেন। ঘুরে ঘুরে খুঁজে বের করে মানুষের দুঃখ-দুর্দশার স্থায়ী সমাধানেই কাজ করে যাচ্ছেন দোলন।

গভীর রাতের দুর্ঘটনা ঘটেছিল আজ থেকে সাত বছর আগে ২০১৬ সালে, পার্বত্য জেলা বান্দরবানের সদরে। এর কিছুদিন আগে পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে যোগদান করেছিলেন দোলন। বান্দরবান ছিল তাঁর প্রথম কর্মস্থল। সেখানেই শুরু করেন মানবিক সেবার কার্যক্রম। লক্ষ্মীপুরের কমলনগরের চরফলকন গ্রামের সন্তান দোলন এখন চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ) কর্মরত।

মানবিক সেবায় যেভাবে পথচলা শুরু

ছাত্রজীবন থেকেই চাকরি নিয়ে দোলনের চিন্তাভাবনা ছিল অন্য রকম। এমন একটি চাকরির খোঁজ করছিলেন, যেখানে অসহায় মানুষের কল্যাণে কাজ করার সুযোগ রয়েছে। বিশেষ করে সমাজসেবা অধিদপ্তরের চাকরি করার ইচ্ছা ছিল তাঁর, কিন্তু তা আর হয়নি। এর মধ্যে পুলিশের চাকরি পেয়ে যান তিনি। এতে বরং সেবা করার সুযোগ আরও বৃদ্ধি পায় দোলনের।

চট্টগ্রাম নগরের এনায়েত বাজারের মালিপাড়া এলাকার এক দম্পতিকে সবজিসহ ভ্যানগাড়ি দেওয়া হয়।
ছবি: সংগৃহীত

দোলন বলেন, পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলে কাজ (ডিউটি) শেষে ছুটে যেতেন অসহায় মানুষের কাছে। শুনতেন তাঁদের দুঃখ-দুর্দশার কথা। এরপর তাঁদের এই দুঃখ দূর করার জন্য নিতেন ছোট ছোট উদ্যোগ। তাঁর সহযোগিতা আর কঠোর পরিশ্রমে সফলতা ধরা দেয় এসব মানুষের কাছে। বদলে যায় পরিবারগুলোর গল্পও।

ছোট্ট উদ্যোগে অভাব দূর

তাৎক্ষণিকভাবে আর্থিক সাহায্যে বিশ্বাসী নন মো. দোলন। এমনভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, যাতে ওই ব্যক্তিকে আর কারও কাছে হাতে পাততে না হয়। তাঁরা যেন স্বাবলম্বী হয়ে উঠতে পারেন। এ জন্য কর্মসংস্থান করার ওপরই গুরুত্ব দিয়ে চলছেন তিনি।

আর্থিক দুরবস্থা দূর করতে চার পরিবারকে দেওয়া হয়েছে রিকশা। চট্টগ্রাম নগরের পাহাড়তলীর শহীদ শাহজাহান মাঠে রিকশাগুলো হস্তান্তর করা হয় পবিত্র রমজান মাসে
ছবি: সংগৃহীত

বান্দরবান সদরে থাকার সময় এক নারীর সঙ্গে পরিচয় হয় দোলনের। ওই নারীকে ফেলে চলে যান স্বামী। দুই সন্তান আর অসুস্থ মায়ের চিকিৎসা খরচ, এ নিয়ে রীতিমতো হিমশিম খেতে হতো ওই নারীকে। দুঃখের কথা শুনে তাঁকে একটি ভ্যান গাড়ি কিনে দেন, যাতে সবজি বিক্রি করতে পারেন। আরেকটি পানের দোকান। এতে নতুন জীবন পান ওই নারী। পাল্টে যায় অভাবের জীবন।

চট্টগ্রাম নগরের আমবাগান এলাকার বাসিন্দা ফাতেমা বেগম। পোশাক কারখানায় কাজ করে সংসার চালাতেন। সংসারে আছেন মা-বাবা ও অসুস্থ স্বামী। একপর্যায়ে নিজেও অসুস্থ হয়ে পড়েন। অবশ হয়ে যায় কোমরের নিচের অংশ। তাঁকে একটি মোবাইল রিচার্জের দোকান করে দেন। স্বামীকে কিনে দেন অটোরিকশা। দোলনের সহযোগিতায় পরিবারটির দুর্দশা দূর হয়ে যায়।

চট্টগ্রাম নগরের ঝাউতলার রেলস্টেশন এলাকার একটি কলোনিতে থাকেন আরজু বেগম। কিডনির সমস্যায় অসুস্থ স্বামী পাঁচ মাস আগে মারা যান। স্বামীর সেবা-শুশ্রূষার জন্য পোশাক কারখানার চাকরি ছেড়ে দিতে হয়। স্বামীর মৃত্যুর পর ১০ বছরের মেয়েকে নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছিলেন আরজু বেগম। এই সময় মেয়ের স্কুলে বই-খাতা বিতরণ করতে গিয়েছিলেন মো. দোলন। সেখানে পরিবারটির দুরবস্থার কথা জানতে পারেন। তখন আরজু বেগমকে একটি সেলাই মেশিন কিনে দেন এবং সবজি বিক্রি করার জন্য দেন একটি ভ্যান।

আরজু বেগম প্রথম আলোকে বলেন, তাঁর (দোলন) সহযোগিতায় যেন নতুন জীবন পেয়েছেন। দিনের বেলায় ভ্যানে সবজি বিক্রি করেন আর রাতের বেলায় সেলাই মেশিন দিয়ে কাপড় সেলাই করেন। এতে যা আয় হয়, তা দিয়ে মা-মেয়ে দুজনের সংসার সুন্দরভাবে চলে যাচ্ছে। তাঁদের এলাকার অনেকেই এভাবে উপকৃত হয়েছেন বলে জানান আরজু।

চট্টগ্রাম নগরের এনায়েতবাজারের মালিপাড়ায় থাকেন বন্দনা রানী দাস, স্বামী মানসিক রোগে আক্রান্ত, চার বছর বয়সী ছেলেও অসুস্থ। ঘরে আছেন বৃদ্ধ শাশুড়ি। স্বামী-ছেলের ওষুধের খরচ, সংসারের খরচ চালাতে কষ্ট হতো তাঁর। এই অবস্থার কিছুটা অবসান হয়েছে মো. দোলনের দেওয়া সেলাই মেশিনের কারণে।

বন্দনা দাস বলেন, তাঁর এলাকার কয়েকজনকে সেলাই মেশিন দিয়েছিলেন দোলন। তাঁর একটি সেলাই মেশিন থাকলেও তা নষ্ট হয়ে গিয়েছিল। নতুন একটি মেশিনের জন্য দোলনের সঙ্গে যোগাযোগ করেন। এক বছর আগে তিনি সেলাই মেশিন পান। এখন এর মাধ্যমে যা আয় করেন, তা দিয়ে সংসার সুন্দরভাবে চলে যাচ্ছে।

গত সাত বছরে এ রকম অসংখ্য গল্প রচনা করে চলেছেন পুলিশ সদস্য মো. দোলন। তিনি বলেন, চাইলে নগদ সহায়তা দিতে পারতেন, কিন্তু তাতে এসব মানুষের ভাগ্যের তেমন কোনো পরিবর্তন হতো না। এ জন্য টেকসই ব্যবস্থার ওপর গুরুত্ব দিয়েছেন। তাঁদের ছোট ছোট দোকান, সেলাই মেশিন, রিকশা কিনে দেওয়া, ভ্যানের ওপর ভ্রাম্যমাণ দোকান, কৃষি উপকরণ দিয়ে সহায়তা, সবজির দোকান, ফলের দোকান, পানের দোকান, হাঁস-মুরগির খামার ও কবুতরের খামার করে দিয়েছেন।

২০১৬ সাল থেকে এখন পর্যন্ত প্রায় ৬০০ মানুষকে এভাবে সহায়তা করেছেন বলে জানান তিনি। এতে কর্মহীন এসব মানুষ যেমন নিজের পায়ে দাঁড়াতে পেরেছেন, তেমনি স্বাবলম্বী হয়েছেন বলে খুব খুশি দোলন।

এত মানুষকে সহযোগিতার উৎস জানতে চাইলে পুলিশ সদস্য মো. দোলন বলেন, তিনি বাবা-মায়ের একমাত্র সন্তান। পারিবারিক আর্থিক সচ্ছলতার কারণে ঘরে টাকাপয়সা তেমন দিতে হয় না। তাই বেতনের অধিকাংশ টাকা মানুষের জন্য খরচ করেন। আবার ফেসবুক থেকেও তাঁর আয় হয়। এ টাকাও মানুষের কল্যাণে খরচ করেন।

মানবিক পাঠশালা

চট্টগ্রাম নগরের ঝাউতলা স্টেশন এলাকায় মানবিক পাঠশালার শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়
ছবি: সংগৃহীত

বান্দরবান জেলার বালাঘাটায় এবং চট্টগ্রামের ঝাউতলার নালাপাড়ায় ও আমবাগান রেললাইনের পাশের বস্তি এলাকায় শিক্ষাবঞ্চিত ছেলেমেয়েদের জন্য মোট তিনটি মানবিক পাঠশালা গড়ে তুলেছেন। যেখানে এতিম, অসহায় ও ঝরেপড়া ছেলেমেয়েরা পড়াশোনা করে। কলেজপড়ুয়া কয়েকজন শিক্ষার্থী সেখানে স্বেচ্ছায় বিনা মূল্যে পড়ান। তিনটি পাঠশালায় ১৬৮ জন শিক্ষার্থী পড়ালেখা করে। প্রতি মাসে তাদের বিনা মূল্যে শিক্ষাসামগ্রী দেওয়া হয়।

ধীরে ধীরে সেবার পরিধি বেড়েছে উল্লেখ করে মো. দোলন বলেন, এখন তিনি কারও সাহায্যের প্রয়োজন হলে ফেসবুকে পোস্ট দেন। এরপর তা দেখে অনেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তবে তিনি সরাসরি কারও কাছ থেকে টাকাপয়সা নেন না। আগ্রহী ব্যক্তিকে সাহায্যপ্রত্যাশী মানুষের সঙ্গে যোগাযোগ করিয়ে দেন। সাহায্যকারী কাউকে পাওয়া না গেলে তিনি নিজ তহবিল থেকে খরচ করেন।

দোলনের কার্যক্রম সম্পর্কে আরআরএফ চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার শাহজাহান আলী প্রথম আলোকে বলেন, পুলিশ সদস্য মো. দোলনের মানবিক সেবা কার্যক্রম ভালো উদ্যোগ। তিনি নিজ উদ্যোগে মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। এতে মানুষ উপকৃত হচ্ছে। ভবিষ্যতেও যাতে এই কার্যক্রমের ধারাবাহিকতা ধরে রাখতে পারেন, সে প্রত্যাশা থাকল।