রাষ্ট্রপতি পদ খালি রাখতে করা আবেদন ভ্রান্ত ধারণাপ্রসূত: চেম্বার বিচারপতি
দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন শপথ নিয়ে দায়িত্ব পালন করছেন। এ সত্ত্বেও নতুন করে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য পদটি খালি নিশ্চিতে আপিল বিভাগে আবেদন করা হয়। এ আবেদন ভ্রান্ত ধারণাপ্রসূত উল্লেখ করে আজ সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম. ইনায়েতুর রহিম সেটি নামঞ্জুর (খারিজ) করেছেন।
রাষ্ট্রপতি পদে মো. সাহাবুদ্দিনকে নির্বাচিত ঘোষণা করে গত ১৩ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন (ইসি) প্রজ্ঞাপন জারি করে। ইসির ওই প্রজ্ঞাপনের বৈধতা নিয়ে পৃথক দুটি রিট হয়। পৃথক রিটের ওপর একসঙ্গে শুনানি শেষে গত ১৫ মার্চ হাইকোর্ট রিট দুটি সরাসরি খারিজ করে আদেশ দেন। দুটির মধ্যে একটি রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী এম এ আজিজ খান। ইসির প্রজ্ঞাপন নিয়ে আবদুল মোমেন চৌধুরীসহ সুপ্রিম কোর্টের ছয় আইনজীবী অপর রিটটি করেন।
গত ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন শপথ নেন। একই দিন হাইকোর্টের পূর্ণাঙ্গ আদেশ প্রকাশিত হয়।
হাইকোর্টের রায় এবং গত ১৩ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের (ইসি) প্রজ্ঞাপনের কার্যক্রম স্থগিত চেয়ে চলতি মাসে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করেন আইনজীবী এম এ আজিজ খান। একই সঙ্গে নতুন করে নির্বাচনের জন্য রাষ্ট্রপতি পদ খালি রাখা নিশ্চিতের আবেদন জানানো হয়। বিষয়টি আজ শুনানির জন্য আপিল বিভাগের চেম্বার আদালতে ওঠে।
আদালতে আবেদনের পক্ষে আইনজীবী এম এ আজিজ খান নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল এম সাইফুল আলম।
পরে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন শপথ নিয়ে দায়িত্ব পালন করে আসছেন। এ সত্ত্বেও রাষ্ট্রপতি পদে নতুন করে নির্বাচনের জন্য পদটি খালি রাখার জন্য ওই আবেদন করা হয়। আবেদনটি ভ্রান্ত ধারণাপ্রসূত উল্লেখ করে চেম্বার আদালত আবেদনটি খারিজ করে দিয়েছেন।’
রিট খারিজ করে হাইকোর্টের দেওয়া পূর্ণাঙ্গ আদেশে বলা হয়, রাষ্ট্রের প্রধান হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি ‘দ্য অফিস অব প্রফিট’ ধারণ করেন, কিন্তু এটি প্রজাতন্ত্রের কর্মে একটি লাভজনক (অফিস অব প্রফিট) পদ নয়। রাষ্ট্রপতির পদ গ্রহণের পদ্ধতি প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে অন্যদের নিয়োগের মতো নয়। তদুপরি প্রজাতন্ত্রের অন্যান্য কর্মে নিয়োজিত কর্মচারীদের কার্যক্রম নিয়ন্ত্রণের যেসব বিধান ও নিয়ম রয়েছে, সেগুলো রাষ্ট্রপতির ক্ষেত্রে প্রযোজ্য নয়।
আদেশে আরও বলা হয়, সংবিধান অনুসারে ‘নির্বাচন’ এবং ‘নিয়োগ’ একই অর্থ বহন করে না। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত প্রতিনিধি এবং বাংলাদেশের ঐক্যের প্রতীক। আর সংবিধানের নবম ভাগ (বাংলাদেশের কর্মবিভাগ) অনুসারে যাঁরা প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত, তাঁরা প্রজাতন্ত্রের সেবায় নিয়োগকৃত কর্মচারী।