মিয়ানমারে বাংলাদেশ শিক্ষা মেলায় এআইইউবির অংশগ্রহণ
মিয়ানমারের ইয়াঙ্গুনে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশ শিক্ষা মেলা ২০২৩’। এ মেলায় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশসহ (এআইইউবি) সরকারি ও বেসরকারি বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় অংশ নেয়।
বুধবার এআইইউবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মনোয়ার হোসেন ইয়াঙ্গুনের মেলিয়া হোটেলে এই মেলার উদ্বোধন করেন। এ সময় এআইইউবির প্রধান জনসংযোগ কর্মকর্তা মো. আবু মিয়া আকন্দ তুহিন এবং অতিরিক্ত রেজিস্ট্রার মো. খোরশেদ আলমসহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি ও শিক্ষাবিদ, মিয়ানমারের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষক, দূতাবাসের কর্মকর্তা, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
এই মেলা উপলক্ষে বাংলাদেশ দূতাবাস ‘সাধ্যের মধ্যে গুণগত মানের উচ্চশিক্ষা’ শীর্ষক একটি সেমিনারের আয়োজন করে। সেমিনারে রাষ্ট্রদূত মো. মনোয়ার হোসেন বলেন, এই শিক্ষা মেলা শুধু দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কেরই উন্নয়ন ঘটাতে সাহায্য করবে না, বরং তা দুই দেশের মানুষের মধ্যেও যোগাযোগ স্থাপন করবে। এই মেলা মিয়ানমারের শিক্ষার্থীদের জন্য বাংলাদেশে উচ্চশিক্ষার নতুন দ্বার উন্মোচিত করবে।
বাংলাদেশ থেকে আগত অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়, মিয়ানমারের উৎসুক শিক্ষার্থী-সুধীজনকে মেলায় সক্রিয় অংশগ্রহণের জন্য তিনি আন্তরিক ধন্যবাদ জানান।
মিয়ানমারের বিপুলসংখ্যক উচ্চশিক্ষাপ্রত্যাশী শিক্ষার্থী, উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষাবিদ, অভিভাবক ও সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এ মেলায় অংশ নেন এবং স্টল পরিদর্শন করেন।