ট্রাইব্যুনালে দুই প্রসিকিউটর নিয়োগ, এক প্রসিকিউটরের পদত্যাগ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালফাইল ছবি: প্রথম আলো

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন দুই জন প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছে। তাঁরা হলেন মার্জিনা রায়হান (মদিনা) ও মোহাম্মদ জহিরুল আমিন। অন্যদিকে প্রসিকিউটর মো. সাইমুম রেজা তালুকদার পদত্যাগ করেছেন।

আজ সোমবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ নতুন দুই প্রসিকিউটরকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। তাতে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ১৯৭৩ অনুসারে ট্রাইব্যুনালের মামলা পরিচালনার জন্য মার্জিনা রায়হান ও মোহাম্মদ জহিরুল আমিনকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাঁদের নিয়োগ প্রদান করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আজকে পৃথক আরেকটি প্রজ্ঞাপনে আইন ও বিচার বিভাগ বলেছে, ২০২৪ সালের ৭ অক্টোবর ট্রাইব্যুনালের প্রসিকিউটর পদে নিয়োগকৃত সাইমুম রেজা তালুকদারের পদত্যাগপত্র গ্রহণপূর্বক তাঁকে এই পদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো।

সাইমুম রেজা তালুকদার আজ দুপুরে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তিনি আগেই পদত্যাগপত্র জমা দিয়েছেন। গতকাল বা আজকে হয়তো পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এখন তিনি শিক্ষকতা পেশায় ফিরবেন।

২০২৪ সালের ৭ অক্টোবর সাইমুম রেজা তালুকদার ট্রাইব্যুনালে প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছিলেন।

জুলাই গণ-অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। একই বছরের ৫ সেপ্টেম্বর ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয় সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ তাজুল ইসলামকে।

তারপর থেকে জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার করা হচ্ছে এই ট্রাইব্যুনালে। পাশাপাশি আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম ও খুনসহ সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারও হচ্ছে এখানে। তবে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকে থমকে আছে।

এ অবস্থায় গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জয়লাভ করে। এরকম পরিপ্রেক্ষিতে গত ২৩ ফেব্রুয়ারি চিফ প্রসিকিউটর হিসেবে মোহাম্মদ তাজুল ইসলামের নিয়োগ বাতিল করে সরকার। একই দিন নতুন চিফ প্রসিকিউটর হিসেবে আইনজীবী মো. আমিনুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়।