বাংলাদেশিদের জন্য কোটা বাড়ল, আগামী বছর কতজন হজে যেতে পারবেন
বাংলাদেশিদের জন্য পবিত্র হজে অংশ নেওয়ার কোটা বাড়িয়েছে সৌদি আরব সরকার। এর ফলে আগামী বছর (২০২৭ সাল) বাংলাদেশ থেকে বাড়তি ৫ হাজার মানুষ পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবে যাওয়ার সুযোগ পাবেন।
সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ২০২৭ সালের হজ চুক্তিতে নতুন এ কোটা নির্ধারণ করা হয়েছে। এ বছর বাংলাদেশ থেকে প্রায় ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রীর কোটা বেঁধে দিয়েছিল সৌদি আরব। এখন ৫ হাজার বৃদ্ধি পাওয়ায় আগামী বছরে সংখ্যাটি দাঁড়াবে ৮৩ হাজার ৫০০ জনে।
গতকাল সোমবার সৌদি আরবের জেদ্দায় দুই দেশের মধ্যে এ চুক্তি হয়। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এবং সৌদি আরবের হজ ও ওমরাহমন্ত্রী তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াহ চুক্তিতে সই করেন।
ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের পক্ষ থেকে অনুরোধ জানানো হলে সৌদি আরব তাৎক্ষণিকভাবে কোটা বাড়িয়েছে।
চুক্তি সইয়ের পর ধর্মমন্ত্রী জানান, সৌদি আরবের মিনায় তাঁবুর ধারণক্ষমতা সীমিত হওয়ায় হজের কোটা বাড়ানোর ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা রয়েছে। তবে অন্য কোনো দেশ তাদের নির্ধারিত কোটা পূরণ করতে না পারলে কিংবা কোটা বাতিল হলে, সেটা বাংলাদেশকে দেওয়ার বিষয়টি অগ্রাধিকারভিত্তিতে বিবেচনার আশ্বাস দিয়েছে সৌদি আরব।
ধর্মমন্ত্রী বলেন, সৌদি আরবের হজ ও ওমরাহমন্ত্রী তাঁকে আশ্বস্ত করে বলেছেন, বাংলাদেশের জন্য যা করা দরকার, তাঁরা তা–ই করবেন।
হজযাত্রীদের জন্য সেবার মান বাড়ানো এবং প্রশাসনিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করার উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানান ধর্মমন্ত্রী।
চুক্তি সই অনুষ্ঠানে ধর্ম মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব আয়াতুল ইসলাম, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ, সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত দেলোয়ার হোসেনসহ দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।