খাগড়াছড়ি ইটভাটা মালিক সমিতিকে ৫০ হাজার টাকা জরিমানা

হাইকোর্ট ভবনফাইল ছবি

আপিল বিভাগের স্থগিতাদেশের তথ্য গোপন করে উচ্ছেদ অভিযানে আগের দেওয়া নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর আবেদন করায় খাগড়াছড়ি জেলা ইটভাটা মালিক সমিতিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। এই অর্থ আগামী ১৫ দিনের মধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এই আদেশ দেন। একই সঙ্গে ইটভাটা মালিক সমিতির পক্ষে রিটটি আর না চালানোর আবেদন জানানোয় এ-সংক্রান্ত রুল খারিজ (ডিসচার্জ) করে দেওয়া হয়েছে। আদালতের এই আদেশের অনুলিপি সব বিবাদীর কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ শুনানি করেন। অন্যদিকে রিট আবেদনকারী পক্ষে ছিলেন আইনজীবী পারভেজ হোসেন।

মামলার নথি থেকে জানা যায়, খাগড়াছড়ি জেলার ১৯টি ইটভাটার মালিকদের পক্ষে জেলা ইটভাটা মালিক সমিতি একটি রিট আবেদন করে। গত ১৩ জানুয়ারি হাইকোর্ট রুল জারি করে উচ্ছেদ কার্যক্রমে ছয় মাসের অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দেন। পরে পরিবেশসচিবের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৫ মার্চ আপিল বিভাগের চেম্বার আদালত হাইকোর্টের ওই নিষেধাজ্ঞার আদেশ স্থগিত করেন।

এইচআরপিবির প্রেসিডেন্ট ও জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ প্রথম আলোকে জানান, আপিল বিভাগের স্থগিতাদেশ বহাল থাকা সত্ত্বেও গত ৬ জুলাই খাগড়াছড়ি জেলা ইটভাটা মালিক সমিতি হাইকোর্টে আবারও নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর আবেদন করে। আবেদনের শুনানির সময় আপিল বিভাগের স্থগিতাদেশের বিষয়টি হাইকোর্টের নজরে আনা হয়নি। বিষয়টি জানতে পেরে গতকাল রোববার তিনি তা হাইকোর্টকে অবহিত করেন।

আজ বিষয়টি শুনানির জন্য কার্যতালিকায় উঠলে রিটকারীর আইনজীবী পারভেজ হোসেন জানান, তথ্য গোপনের বিষয়টি সম্পর্কে তিনি অবগত ছিলেন না এবং মামলাটি আর পরিচালনা করতে চান না।

এরপর হাইকোর্ট খাগড়াছড়ি জেলা ইটভাটা মালিক সমিতিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং রিট আবেদনকারীদের পক্ষ থেকে রুল পরিচালনা না করার আবেদনের ভিত্তিতে আগে জারি করা রুলটি খারিজ করে দেন বলে জানান মনজিল মোরসেদ।

উল্লেখ্য, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি—এই তিন পার্বত্য জেলার অবৈধ ইটভাটা উচ্ছেদে জনস্বার্থে এইচআরপিবির পক্ষে ২০২২ সালে একটি রিট করা হয়। ওই রিটের প্রাথমিক শুনানি নিয়ে ২০২২ সালের ২৫ জানুয়ারি হাইকোর্ট রুলসহ পার্বত্য তিন জেলার অবৈধ ইটভাটা উচ্ছেদের নির্দেশ দিয়েছিলেন।