ইউনিভার্সেল মেডিকেলে ‘বাবার যত্নে’ ক্যাম্পেইনের বিজয়ীদের সংবর্ধনা
বাবাকে নিয়ে গল্প লেখার ডিজিটাল ক্যাম্পেইন ‘বাবার যত্নে’-এর নির্বাচিত পাঁচ বিজয়ী সন্তান ও তাঁদের বাবাদের সংবর্ধনা দিয়েছে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল। ‘সুস্থ বাবা, নিরাপদ পরিবার’—এই স্লোগানকে সামনে রেখে বিশ্ব বাবা দিবস উপলক্ষে এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছিল।
গত সোমবার রাজধানীর মহাখালীতে অবস্থিত হাসপাতালের সভাকক্ষে এক অনাড়ম্বর পরিবেশে ওই বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ক্যাম্পেইনে বাবার প্রতি ভালোবাসা, স্মৃতি ও অনুভূতি প্রকাশ করে জমা পড়া অসংখ্য হৃদয়ছোঁয়া গল্পের মধ্য থেকে বাছাই করে পাঁচজনকে বিজয়ী নির্বাচিত করা হয়। নির্বাচিত বিজয়ীরা হলেন সুমাইয়া জাহান (বাবা আহম্মেদ হোসেন, ব্রাহ্মণবাড়িয়া); লাকী আক্তার (বাবা মোনতাজ উদ্দিন আকন্দ, গাজীপুর); তাইয়্যেবা তাসবিন (বাবা এস এম আতাউর রহমান, নারায়ণগঞ্জ); ফারিহা রিদিলা (বাবা ফারুকুল ইসলাম, ময়মনসিংহ) ও কাজী মিলহা (বাবা কাজী মিজানুর রহমান, ঢাকা)।
অনুষ্ঠানে বিজয়ী ও তাঁদের বাবাদের হাতে বিশেষ উপহারসামগ্রী ও একটি করে পূর্ণাঙ্গ ‘ফ্রি হেলথ চেকআপ প্যাকেজ’সহ অন্য উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। এই প্যাকেজের পাশাপাশি বাবাদের জন্য স্পেশাল হেলথ কার্ড প্রোভাইড করা হয়, যার মাধ্যমে তাঁরা ও তাঁদের পরিবার এই হাসপাতালের প্রয়োজনীয় সব স্বাস্থ্যসেবায় অগ্রাধিকার ভিত্তিতে বিশেষ সুবিধা পাবেন।
এই আয়োজনের মুখ্য আলোচক ছিলেন বিশিষ্ট অনুকাব্য লেখক সাইদুজ্জামান রওশন (দন্ত্যস রওশন)। অনুষ্ঠানে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও এই আয়োজনের প্রধান উদ্যোক্তা আশীষ কুমার চক্রবর্ত্তী, হেড অব করপোরেট নীতা চক্রবর্ত্তী, হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট চিকিৎসক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাসপাতালের হেড অব ব্র্যান্ড সি এফ জামান।