যে মারধর করে এতা সহ্য করন যায় না: সৌদিফেরত নারী
সৌদি আরবে নির্যাতনের শিকার ১২ জন নারী দেশে ফিরেছেন। আজ শনিবার বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তাঁরা। প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক।
সৌদি আরব থেকে ফিরে আসা এক নারী বিমানবন্দরে এপিবিএন কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘যে মারধর করে এতা সহ্য করন যায় না। মানুষ মানুষকে এভাবে মারে না।’ এ কথা বলার পর ওই নারী কান্নায় ভেঙে পড়েন।
পুলিশ কর্মকর্তা জিয়াউল হক প্রথম আলোকে বলেন, গত মে মাসে ভুক্তভোগী একজন নারীর স্বামী তাদের কাছে অভিযোগ করেন, তাঁর স্ত্রী ছয় মাস আগে সৌদি আরবে যান। এরপর থেকে যোগাযোগ বন্ধ রয়েছে। কোনোভাবে তিনি যোগাযোগ করতে পারছেন না। তবে নির্যাতনের শিকার হচ্ছেন। পরে যে এজেন্সির মাধ্যমে ওই নারী সৌদি আরব যান, তাদের সঙ্গে যোগাযোগ করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বলেন, এজেন্সির কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করে ভুক্তভোগী নারীদের সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়। আজ শনিবার ওই ভুক্তভোগী নারীসহ ১২ জন নারী ইন্ডিগো এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান। পরে তাঁদের কাছ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়েছে। মানব পাচারে জড়িত থাকার অভিযোগে সংশ্লিষ্ট এজেন্সির কর্মকর্তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।