ঢাকার সিএমএম আদালতে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

সিএমএম আদালতের সম্মেলন কক্ষে পুলিশ–ম্যাজিস্ট্রেট কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। ঢাকা, ৭ ডিসেম্বরছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সম্মেলন কক্ষে আজ শনিবার পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স (সম্মেলন) অনুষ্ঠিত হয়েছে। সেখানে সাক্ষীদের হাজির করা, তাঁদের নিরাপত্তা, সময়মতো মালখানা থেকে আদালতে আলামত উপস্থাপন, ন্যায়বিচার নিশ্চিত করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বলে সম্মেলনে উপস্থিত দুজন জানিয়েছেন।

সম্মেলনে অংশ নেওয়া ঢাকার মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী প্রথম আলোকে বলেন, সাক্ষীদের হাজির করা, আদালত চত্বরে সাক্ষীদের নিরাপত্তা, সময়মতো মালখানা থেকে আদালতে আলামত উপস্থাপনসহ বিবিধ বিষয় নিয়ে কনফারেন্সে আলোচনা হয়েছে।

পিপি ওমর ফারুক ফারুকী আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলি করে হত্যার ঘটনায় করা মামলাগুলো তদন্ত করে প্রতিবেদন দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। সম্মেলনে সময়মতো ময়নাতদন্ত ও ভিসেরা প্রতিবেদন দেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে।

এ ছাড়া সম্মেলনে উপস্থিত থাকা ঢাকা আইনজীবী সমিতির এডহক কমিটির সভাপতি খোরশেদ আলম মিয়া প্রথম আলোকে বলেন, ন্যায়বিচার নিশ্চিত করার বিষয়ে সম্মেলনে আলোচনা হয়েছে।

পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন। আরও উপস্থিত ছিলেন ঢাকার সিএমএম মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপকমিশনার (ডিসি) মো. তারেক জুবায়েরসহ বিভিন্ন পদস্থ পুলিশ কর্মকর্তা। এ ছাড়া সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের প্রতিনিধিরা।