জয়কালী মন্দিরে আগুনে চারজন দগ্ধ
রাজধানীর ওয়ারীর জয়কালী মন্দির এলাকায় সুইপার কলোনিতে আগুনের ঘটনায় দগ্ধ চারজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। দগ্ধ ব্যক্তিরা হলেন গীতা রানী দে (৬৫), কান্তা রানী (৬০), রাজু (৩৬) ও আফজাল হোসেন (৫২)।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, জয়কালী মন্দির এলাকার সুইপার কলোনি থেকে আগুনের ঘটনায় চারজনকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাঁদের কার শরীরের কত শতাংশ পুড়েছে এখনো জানা যায়নি। তাঁরা জরুরি বিভাগে চিকিৎসাধীন।
আজ সোমবার ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক প্রথম আলোকে বলেন, ‘রাত ৩টা ২০ মিনিটের দিকে আমরা আগুন লাগার খবর পাই। ছয় মিনিটের মধ্যেই ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের ইউনিট। পরে ভোররাত সাড়ে চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে সাতটি ইউনিট।’
তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি জানান আল ফারুক। উদ্ধারকাজে যোগ দেওয়া স্থানীয় লোকজন জানান, আগুন লাগার সময় কলোনির লোকজন ঘুমিয়ে ছিলেন। পাশের মুরগির আড়তে রাতে বেচাকেনা চলে। এ সময় সেখানকার লোকজন প্রথমে আগুন দেখে কলোনির বাসিন্দাদের জাগিয়ে তোলেন।