জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের এক্স হ্যান্ডলের একটি পোস্ট ঘিরে চলছে তুমুল আলোচনা–সমালোচনা। আইডি হ্যাক করে ‘নারী অবমাননাকর’ সেই পোস্ট দেওয়া হয়েছিল বলে জামায়াত দাবি করলেও, তা নিয়েও উঠেছে প্রশ্ন। এই আলোচনার মধ্যেই নির্বাচনী প্রচারে থাকা শফিকুর রহমানের একটি জনসভার ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি বলে শনাক্ত হয়েছে।
ফেসবুকে জামায়াতের একটি বিশাল সমাবেশের ছবি ঘুরছে, যার ক্যাপশনে বলা হয়েছে, ‘জামায়াতের জনপ্রিয়তা দেখে বিএনপি দিশাহারা হয়ে গেছে।’ রিভার্স ইমেজ সার্চে দেখা যায়, গত ২৪ জানুয়ারি গাইবান্ধার পলাশবাড়ীতে ১১–দলীয় নির্বাচনী ঐক্যের জনসভার ছবির সঙ্গে এর মিল রয়েছে, যে সমাবেশে প্রধান অতিথি ছিলেন শফিকুর রহমান। মূল ছবির সঙ্গে আমিরের পোশাক এবং ডায়াসের মিল পাওয়া যায় দ্বিতীয় ছবির, তবে মঞ্চের সামনের অংশের মিল নেই। ওই জনসভার ভিডিও পর্যবেক্ষণ করলে আরও কিছু অসংগতি ধরা পড়ে। ছবিটির মাঝবরাবর আরেকটি মঞ্চের মতো কিছুও দেখা যায়, যদিও এক সমাবেশে দুটি মঞ্চ থাকে না।
গুগল জেমিনির সিন্থআইডি জানাচ্ছে, এটি ‘গুগলএআই’–এর মাধ্যমে সম্পাদনা করা হয়েছে। টুল হাইভ মডারেশনে ফেললে জবাব আসে, ছবিটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৯ দশমিক ৭ শতাংশ।
হ্যাকিং নিয়ে ডিবির বরাতে ভুয়া দাবি
কর্মজীবী নারীদের নিয়ে বিতর্কিত বক্তব্যের ঘটনায় জামায়াত আমিরের এক্স হ্যান্ডল হ্যাকড হয়েছিল দাবি করে দলটি থানায় সাধারণ ডায়েরি করেছে। এর মধ্যে ‘জামাতের আমিরের আইডি হ্যাক হয়নি: ডিবি’ লিখে একাধিক ফটোকার্ড ছড়িয়েছে ফেসবুকে। একটি কার্ডের শিরোনাম ছিল, ‘জামাতের আমিরের আইডি হ্যাক হয়নি: ডিবি’; আরেকটির শিরোনাম দেওয়া হয়, ‘জামাতের আমিরের আইডি হ্যাক হয়নি, তার ফোন থেকেই পোস্ট করা হয়: ডিবি’।
তবে গোয়েন্দা পুলিশ (ডিবি) এ ধরনের কোনো বক্তব্য দেওয়ার কথা অস্বীকার করেছে। ঢাকা মহানগর ডিবির যুগ্ম কমিশনার (সাইবার) সৈয়দ হারুন অর রশীদ প্রথম আলোকে বলেন, এ ধরনের কোনো বক্তব্য ডিবির পক্ষ থেকে দেওয়া হয়নি। ভুয়া ফটোকার্ড ছড়ানো হচ্ছে।
প্রবাসী ভোটার নিয়ে ভুয়া দাবি
সংসদ নির্বাচনে ভোট দিতে ৫৫ লাখ প্রবাসী বাংলাদেশি পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন করেছেন এবং এর মধ্যে ৫০ লাখ প্রবাসী ভোটার জামায়াতে ইসলামীকে ভোট দেবেন দাবি করে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। তবে নির্বাচন কমিশনের তথ্যে দেখা যায়, পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধিতের সংখ্যা ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪; তার মধ্যে প্রবাসী ৭ লাখের বেশি। অর্থাৎ ৫৫ লাখের নিবন্ধনের তথ্যটি ভুয়া।
সেনাপ্রধানের নামে ভুয়া ফটোকার্ড
‘আপনারা ভোট দিয়ে দুর্নীতিবাজ, সন্ত্রাসী ও চাঁদাবাজদের সংসদে পাঠাবেন—আর তারপর আমাদের কাছে নিরাপত্তা চাইবেন? এটা কেমন কথা?’ সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে উদ্ধৃত করে এই বক্তব্য এখন টিভির ডিজিটাল লোগাতে ব্যবহার করে ছড়াচ্ছে ফেসবুকে।
যাচাইয়ে এ বিষয়ে গুগলে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করে এখন টিভির ফেসবুক পেইজ, ওয়েবসাইটে এমন কোনো বক্তব্য পাওয়া যায়নি। কোনো গণমাধ্যমে এমন বক্তব্যের অস্তিত্ব নেই।
এ বিষয়ে জানতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সঙ্গে যোগাযোগ করা হলে প্রথম আলোকে জানানো হয়, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এরকম কোনো বক্তব্য দেননি।
ছড়িয়ে পড়া এই ফটোকার্ড নিয়ে এখন টিভি জানিয়েছে, সেনাপ্রধানকে নিয়ে ছড়ানো এই ফটোকার্ডটি তাদের তৈরি করা নয়।