মা গেলেন বাবাকে খাবার দিতে, ফিরে এসে দেখলেন পুকুরে ভাসছে মেয়ের লাশ
সাড়ে চার বছর বয়সী মেয়ে হিমু আক্তারকে সঙ্গে নিয়ে মা লাবনী আক্তার প্রতিবেশীর এক পুকুরপাড়ে গাছের শুকনা পাতা সংগ্রহ করছিলেন। ধান কেটে স্বামী দুপুরের খাবার খেতে বাড়িতে আসেন। মেয়েকে পুকুরপাড়ে রেখে স্বামীকে খাবার দিতে বাড়িতে যান মা। প্রায় ২০ মিনিট পর পুকুরপাড়ে এসে দেখেন পুকুরের পানিতে ভাসছে মেয়ের লাশ।
ঘটনাটি সোমবার বিকেল সাড়ে চারটার দিকে দিনাজপুরের বিরামপুরের জোতবানী ইউনিয়নের সাগাইঘাটা গ্রামে। হিমু আক্তার ওই গ্রামের হেলাল উদ্দিনের মেয়ে।
স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ সূত্রে জানা গেছে, বেলা সাড়ে তিনটার দিকে মায়ের সঙ্গে বাড়ির পাশে পুকুরপাড়ে পাতা কুড়াতে গিয়েছিল হিমু। বাবা হেলাল উদ্দিন মাঠ থেকে ধান কাটার কাজের বিরতিতে বাড়িতে খেতে আসেন। মা লাবনী আক্তার মেয়েকে পুকুরপাড়ে খেলতে দিয়ে বাড়িতে স্বামীকে খেতে দিতে যান। পরে আনুমানিক বিকেল সাড়ে চারটার দিকে পুকুরপাড়ে এসে মেয়েকে দেখতে না পেয়ে পুকুরে খোঁজ করেন মা। মেয়েকে পুকুরের পানিতে ডুবে থাকতে দেখে চিৎকার দেন তিনি। মেয়েকে পানি থেকে পুকুরপাড়ে তুললে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
এ বিষয়ে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত প্রথম আলোকে বলেন, পানিতে ডুবে শিশু হিমু আক্তারের মৃত্যুর খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করছে। লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মৃত্যুর ঘটনায় ওই শিশুর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই তার লাশ পরিবারকে বুঝে দেওয়া হয়েছে।