জাসদ কার্যালয়ে হামলা, মব সৃষ্টি ও আটকের ঘটনায় আসকের নিন্দা
রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে প্রতিনিধি সভা চলাকালে হামলা, মব সৃষ্টি ও রাজনৈতিক কর্মীদের লাঞ্ছিত করার অভিযোগ এবং ২৮৯ জনকে আটকের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। আজ রোববার এক বিবৃতিতে এ নিন্দা জানায় মানবাধিকার সংগঠনটি।
আসক এক বিবৃতিতে বলেছে, গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২৬ সেপ্টেম্বর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে ২৮৯ জনকে আটক করে পুলিশ। পুলিশের ভাষ্য, সেখানে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা জড়ো হয়েছেন—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। তবে জাসদ জানিয়েছে, এটি ছিল পূর্বনির্ধারিত কেন্দ্রীয় প্রতিনিধি সভা এবং সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের অবহিত করেই সভার আয়োজন করা হয়েছিল।
জাসদের অভিযোগ, সভা চলাকালে যুবদলের বিপুলসংখ্যক নেতা-কর্মী কার্যালয়ে প্রবেশ করে মব সৃষ্টি ও নেতা-কর্মীদের শারীরিকভাবে লাঞ্ছিত করেন।
আসক বলেছে, কোনো রাজনৈতিক দলের কার্যালয়ে পূর্বনির্ধারিত সভা চলাকালে মব তৈরি করে তা ভন্ডুল করা এবং পুলিশের উপস্থিতিতে রাজনৈতিক কর্মীদের লাঞ্ছিত করার ঘটনা গ্রহণযোগ্য নয়। গণমাধ্যমে প্রচারিত ভিডিওতে যুবদলের নেতৃত্বস্থানীয় ব্যক্তিদের মব সৃষ্টি ও উসকানিমূলক বক্তব্য দিতে দেখা যাওয়ার বিষয়টিও উদ্বেগজনক বলে উল্লেখ করেছে সংগঠনটি।
আসক দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়ে বলেছে, ভিডিও ফুটেজসহ সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত পর্যালোচনা করে হামলা, উসকানি, সহিংসতা বা আইন নিজের হাতে তুলে নেওয়ার সঙ্গে জড়িত ব্যক্তিদের রাজনৈতিক পরিচয়নির্বিশেষে আইনের আওতায় আনতে হবে।
আসকের সিনিয়র সমন্বয়কারী আবু আহমেদ ফয়জুল কবির গণমাধ্যমে এ বিবৃতি পাঠান।