চট্টগ্রামে প্রথমার বইমেলা শুরু, চলবে ১৩ আগস্ট পর্যন্ত
চট্টগ্রামে প্রথমা প্রকাশনের উদ্যোগে শুরু হলো ‘চট্টগ্রাম বইমেলা’। নগরের জেলা শিল্পকলা একাডেমিতে আজ মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় মেলার উদ্বোধন হয়। মেলা চলবে ১৩ আগস্ট পর্যন্ত।
আজ সকাল থেকে কখনো ভারী, কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। কিন্তু এ বৃষ্টি দমাতে পারেনি লেখক, পাঠকদের। শ্রাবণের অঝোর ধারা উপেক্ষা করে মেলা শুরুর প্রথম দিনেই ভিড় করেন পাঠকেরা। কিনে নেন পছন্দের বই।
এবারও পাঠকদের জন্য আকর্ষণীয় ছাড়ের ব্যবস্থা রেখেছে প্রথমা প্রকাশন। প্রথমার বইয়ে ৩০ থেকে ৬০ শতাংশ ছাড় রয়েছে। এ ছাড়া অন্য প্রকাশনীর বইয়ে ২৫ শতাংশ পর্যন্ত ছাড়।
মেলা ঘুরে দেখা গেছে, স্টলে সাজানো হরেক রকম বই। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, নারায়ণ গঙ্গোপাধ্যায় কিংবা জীবনানন্দ দাশ যেমন আছেন, তেমনি আছেন বুদ্ধদেব বসু, হারুকি মুরাকামি; একসঙ্গে এক টেবিলে। যেন এক জায়গায় সব মহারথীর মিলনমেলা।
খুব মনোযোগ দিয়ে স্টলে বই দেখছিলেন লেখক ও শিক্ষক মনসুর নবী। তাঁর হাতে ছিল শিল্পী আব্বাস উদ্দিনের ‘দিনলিপি ও আমার শিল্পীজীবনের কথা’। মনসুর নবী বলেন, ‘শিল্পী আব্বাস উদ্দিন স্মৃতিকথা ও দিনলিপি ইতিহাসের মূল্যবান এক দলিল। অনেক দিন ধরেই বইটি কেনার ইচ্ছা ছিল। মেলায় এসে পেয়ে গেলাম।’
পাঠক হানযালা হান কিনে নেন বিশ্বজিৎ চৌধুরীর লেখা ‘আশালতা’ বইটি। এক ফাঁকে তিনি বলেন, ‘বিশ্বজিৎ চৌধুরীর লেখা আমাকে টানে। তাঁর সাহিত্যে চরিত্র নির্মাণের পদ্ধতি, ভাষা, নান্দনিকতা যেকোনো পাঠককেই মুগ্ধ করবে।’
আয়োজকেরা জানান, মেলা চলবে প্রতিদিন বেলা দুইটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত। তবে শুক্র ও শনিবার বেলা ১১টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত মেলা চলবে।
বই মানুষকে সমৃদ্ধ করে
উদ্বোধনী অনুষ্ঠান যেন কবি, লেখক ও পাঠকদের মধ্যে মিলনমেলায় বনে গিয়েছিল। এ সময় উপস্থিত ছিলেন সাহিত্যিক ও সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরী, নাট্যকার ও নির্দেশক রবিউল আলম, কবি জিন্নাহ চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বাংলা বিভাগের শিক্ষক আনোয়ার সাঈদ, শারমিন মুস্তারি, শিক্ষক সুমন হায়াত, আবৃত্তিশিল্পী সুবর্ণা চৌধুরী, অধ্যাপক মাঈনুদ্দিন জাহেদ, ছড়াকার উৎপল কান্তি বড়ুয়া, শিল্পী সাইফুল ইসলাম, কবি ও সাংবাদিক ওমর কায়সার, চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সভাপতি মহিউদ্দিন শাহ আলম, সাধারণ সম্পাদক আলী প্রয়াস, গদ্যকার মহি মুহাম্মদ প্রমুখ।
উদ্বোধনী পর্বের পর চলে লেখক-পাঠকদের আড্ডা। আড্ডায় বিশ্বজিৎ চৌধুরী বলেন, প্রথমা প্রকাশন প্রতিবছরই চট্টগ্রামে বইমেলার আয়োজন করে। শিল্পকলা একাডেমির প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে পাঠক-ক্রেতাদের পদচারণে। প্রথমা প্রকাশন ও ভারতীয় বইগুলো অন্যান্য সময়ের তুলনায় মেলায় কম দামে পাওয়া যায়।
নাট্যকার ও নির্দেশক রবিউল আলম বলেন, বই পাঠককে সমৃদ্ধ করে। ভাবনার জানালা খুলে দেয়। চট্টগ্রামে প্রথমা প্রকাশনের এ উদ্যোগ প্রশংসার দাবি রাখে। কারণ, মেলায় পাঠক ও লেখকের কাছাকাছি আসার সুযোগ তৈরি হয়। আর বইমেলায় একসঙ্গে বহু লেখকের বই থাকে। ভোগান্তি ছাড়াই এক টেবিল থেকে পাঠকেরা পছন্দের বই কিনে নিতে পারেন।
প্রথমা প্রকাশনের ব্যবস্থাপক জাকির হোসাইন বলেন, চট্টগ্রামে নবমবারের মতো বইমেলা আয়োজন করা হলো। প্রতিবারই চট্টগ্রামের পাঠকদের দারুণ সাড়া পাওয়া যায়। এবারের মেলায় দেশি-বিদেশি লেখকের বিপুল বই রয়েছে। প্রথম দিনই মেলা জমজমাট।
নতুন বইয়ের ছড়াছড়ি
এবারের মেলায় বেশ কিছু নতুন বই বিক্রি হচ্ছে। এর মধ্যে আছে আবুল মোমেনের ‘শিক্ষার শত শিখা’, তাজউদ্দীন আহমদের ‘সমাজ ও রাষ্ট্রভাবনা’, ফরহাদ খানে ‘শব্দের গল্প’, মাহবুব তালুকদারের ‘নির্বাচননামা (নির্বাচন কমিশনে আমার দিনগুলো)’, মুর্তজা বশীরের ‘বাবার কাছে ফেরা’, গৌতম রায়ের ‘পূর্ববঙ্গের কমিউনিস্ট পার্টি-গোড়ার কথা’।