সমুদ্রসীমার নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষার শপথ নিলেন ৪৬৭ নবীন নাবিক

বাংলাদেশের সুবিশাল সমুদ্রসীমা রক্ষার পাশাপাশি একটি শক্তিশালী ও সমৃদ্ধ নৌবাহিনী গড়ে তুলতে এই নবীন নাবিকেরা অগ্রণী ভূমিকা রাখবেন বলে নৌবাহিনীর প্রধান দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

দীর্ঘ ২২ সপ্তাহের কঠোর প্রশিক্ষণ শেষে পটুয়াখালীর বানৌজা শের-ই-বাংলা প্যারেড গ্রাউন্ডে শিক্ষা সমাপনী কুচকাওয়াজের মধ্য দিয়ে সম্পন্ন হলো বি-২০২৬ ব্যাচের বুটক্যাম্প প্রশিক্ষণ। ২৯ নভেম্বরছবি: আইএসপিআরের সৌজন্যে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষা এবং সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করার দৃপ্ত অঙ্গীকার নিয়ে বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হয়েছেন ৪৬৭ জন নবীন নাবিক। তাঁরা দেশ ও জাতির প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের শপথ গ্রহণ করেন।

দীর্ঘ ২২ সপ্তাহের কঠোর প্রশিক্ষণ শেষে আজ রোববার পটুয়াখালীর বানৌজা শের-ই-বাংলা প্যারেড গ্রাউন্ডে শিক্ষা সমাপনী কুচকাওয়াজের মধ্য দিয়ে সম্পন্ন হলো বি-২০২৬ ব্যাচের এই নবীন নাবিকদের বুটক্যাম্প প্রশিক্ষণ।

আজ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এই কুচকাওয়াজে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। পরে তিনি কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী নবীন নাবিকদের মধ্যে পুরস্কার তুলে দেন।

নবীন নাবিকদের মধ্যে মো. সেজান মাহমুদ সেরা চৌকস নাবিক হিসেবে ‘নৌপ্রধান পদক’ লাভ করেন। এ ছাড়া মো. মুজাহিদুল ইসলাম দ্বিতীয় স্থান অধিকার করে ‘কমখুল পদক’ এবং মো. শাকিল হাসান তৃতীয় স্থান অধিকার করে ‘শের-ই-বাংলা’ পদক লাভ করেন।

কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম তাঁর ভাষণে মহান স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণকারী সব মুক্তিযোদ্ধা, বিশেষ করে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, শহীদ লে. কমান্ডার মোয়াজ্জম হোসেনসহ সব বীর মুক্তিযোদ্ধা ও নৌ-কমান্ডোদের সর্বোচ্চ আত্মত্যাগের কথা গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, ত্রিমাত্রিক নৌবাহিনীর অগ্রযাত্রায় নৌসদস্যদের অকৃত্রিম দেশপ্রেম, নিরলস প্রচেষ্টা ও পেশাগত উৎকর্ষতা অত্যন্ত প্রশংসনীয়।

কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। ২৯ নভেম্বর
ছবি: আইএসপিআরের সৌজন্যে

বাংলাদেশের সুবিশাল সমুদ্রসীমা রক্ষার পাশাপাশি একটি শক্তিশালী ও সমৃদ্ধ নৌবাহিনী গড়ে তুলতে এই নবীন নাবিকেরা অগ্রণী ভূমিকা পালন করবেন বলে নৌবাহিনীর প্রধান দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। তিনি দেশের দক্ষিণাঞ্চলের পায়রা সমুদ্রবন্দরসহ উপকূলীয় এলাকার সামুদ্রিক নিরাপত্তা ও সুরক্ষায় বানৌজা শের-ই-বাংলা ঘাঁটির গুরুত্বপূর্ণ ভূমিকার পাশাপাশি এ ঘাঁটি সুযোগ্য নাবিক তৈরির সূতিকাগার হিসেবে কাজ করছে বলে উল্লেখ করেন।

নৌবাহিনী প্রধান নবীন নাবিকদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি তাঁদের প্রাতিষ্ঠানিক শিক্ষা ও প্রশিক্ষণ বিদ্যালয়ে অর্জিত জ্ঞান, দক্ষতা ও সামরিক প্রশিক্ষণ কাজে লাগিয়ে নিজেদের একজন যোগ্য, দক্ষ ও গর্বিত নাবিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। এ সময় তিনি সততা, শৃঙ্খলা, আনুগত্য ও নৈতিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে দেশসেবায় আত্মনিয়োগের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সেনা ও বিমানবাহিনীর সদস্যদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সম্মিলিতভাবে দায়িত্ব পালনের মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ থাকার আহ্বান জানান।

মনোজ্ঞ এ কুচকাওয়াজ অনুষ্ঠানে নৌবাহিনী সদর দপ্তরের পিএসও, উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তা, পটুয়াখালী, বরিশাল ও খুলনা অঞ্চলের গণ্যমান্য ব্যক্তি এবং নবীন নাবিকদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।