খিলগাঁওয়ে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

লাশপ্রতীকী ছবি

রাজধানীর খিলগাঁও রেলগেট এলাকায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে মিঠু (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঢাকা রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, মিঠু নামের ওই যুবক ট্রেনের ছাদে ছিল।

সেখান থেকে নিচে পড়ে তিনি গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান–স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১০টার দিকে তিনি মারা যান।

পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আলী আরও বলেন, ‘মিঠু দুর্ঘটনাবশত ট্রেনের ছাদ থেকে পড়ে মারা গেছেন, না তাঁকে ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে—তদন্তের পর বিষয়টি নিশ্চিত করে বলা যাবে। আশপাশের লোকজন বলছেন, যুবকটি নেশাগ্রস্ত ছিলেন।’