বাড়তি ভাড়া আদায়, চট্টগ্রামে ৭ গাড়িচালককে বিআরটিএর জরিমানা
চট্টগ্রামে অতিরিক্ত ভাড়া নেওয়ায় সাত গাড়িচালককে ২৫ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আজ সোমবার সকালে চট্টগ্রাম নগরের ওয়াসা মোড় ও দামপাড়া এলাকায় বিআরটিএর ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়।
আজকের অভিযানে নেতৃত্ব দেন বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মিশকাতুল তামান্না। ওয়াসা মোড়ে নগরের গণপরিবহনের ভাড়া ও কাগজপত্র যাচাই করা হয়। আর দামপাড়ায় দূরপাল্লার বাস কাউন্টারগুলোতে অভিযান পরিচালনা করা হয়।
বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত সূত্র বলছে, অভিযানে সাত গাড়িচালককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। যাত্রীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে এ জরিমানা করা হয়েছে। যাত্রীরা অভিযোগ করেছেন, নির্ধারিত ভাড়া ১০ টাকা থাকলেও আদায় করা হয় ১৩ থেকে ১৫ টাকা। অভিযোগের প্রমাণ পাওয়ায় জরিমানা করা হয়েছে। এসব চালকের কারও কারও কাগজপত্রও ঠিক ছিল না।
বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মিশকাতুল তামান্না প্রথম আলোকে বলেন, বিআরটিএর পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হয়। এর অংশ হিসেবে আজও অভিযান চালানো হয়। এই সময় যাঁরা তালিকায় নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া নিয়েছেন, তাঁদের জরিমানা করা হয়েছে। আবার অনেকের কাগজপত্র ঠিক ছিল না। তবে অনেক গাড়িতে নির্ধারিত ভাড়া আদায় করা হয়েছে।
এর আগে শুক্রবার রাতে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জ্বালানি তেলের দাম বাড়ানোর কথা জানানো হয়। ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ৩৪ টাকা বাড়িয়ে ১১৪ টাকা, পেট্রলের দাম ৪৪ টাকা বাড়িয়ে ১৩০ টাকা এবং অকটেনের দাম ৪৬ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা করা হয়।
শুক্রবার রাত ১২টার পর থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে। জ্বালানি তেলের দাম বাড়ার পর শনিবার সকালে চট্টগ্রাম নগর থেকে গণপরিবহন কার্যত উধাও হয়ে যায়। পরে চলাচল শুরু করলেও পরিবহনশ্রমিকেরা বিভিন্ন মোড়ে বাধা দেন। আর রোববার যান চলাচল স্বাভাবিক হলেও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেন যাত্রীরা।