বাংলাদেশের সংবাদমাধ্যমের এআই রূপান্তরে সহায়তা দেবে গুগল, আবেদন করুন

বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানেও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার শুরু হয়েছে। বিশেষ করে সংবাদমাধ্যমগুলোয় ভবিষ্যতের অনিবার্য অনুষঙ্গ হিসেবে প্রাধান্য পাচ্ছে এআই।

বাংলাদেশের সংবাদমাধ্যমগুলোর এআই রূপান্তরকে আরও সহজ ও কার্যকর করার লক্ষ্যে শুরু হচ্ছে ‘নিউজ এআই ল্যাব’। গুগলের এই উদ্যোগের বাস্তবায়ন সহযোগী প্রথম আলো।

এই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য দেশের বিভিন্ন গণমাধ্যম থেকে আবেদন আহ্বান করা হচ্ছে। আবেদনকারীদের মধ্যে থেকে নির্বাচিতরা অংশ নেবেন বিভিন্ন মেয়াদি অনলাইন ও অফলাইন প্রশিক্ষণে। এরপর গুগলের সাহায্যে ১৫ মাস ধরে চলবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর এআই রূপান্তর বাস্তবায়ন কার্যক্রম।

প্রায় দেড় বছরব্যাপী কর্মসূচিটি শুরু হবে এই বছরের সেপ্টেম্বরের মাঝামাঝিতে। এই উদ্যোগে শুধু এআই সম্পর্কে প্রশিক্ষণই দেওয়া হবে না; বরং অংশগ্রহণকারী সংবাদমাধ্যমগুলোর বাস্তব সমস্যা চিহ্নিত করে এআইয়ের মাধ্যমে সেটির পরিপূর্ণ সমাধান তৈরি ও বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হবে।

কেন প্রয়োজন ‘নিউজ এআই ল্যাব’ প্রোগ্রাম

সংবাদ সংগ্রহ, গবেষণা, কনটেন্ট তৈরি, অনুবাদ, তথ্য বিশ্লেষণসহ সংবাদমাধ্যমের বিভিন্ন কাজে বিশ্বজুড়েই এআই অপরিহার্য হয়ে উঠছে। কিন্তু একটি প্রতিষ্ঠানের জন্য কোন কাজে এআই ব্যবহার করলে সবচেয়ে বেশি উপকার হবে, সেটি চিহ্নিত করাও বড় চ্যালেঞ্জ।

নিউজ এআই ল্যাব কর্মসূচিতে অংশগ্রহণকারীরা নিজ নিজ প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী এআই ব্যবহারের সম্ভাবনা খুঁজে দেখবেন এবং এর মাধ্যমে পাঠক–দর্শকের পরিধির পাশাপাশি ব্যবসায়িক কার্যক্রমও কীভাবে বিস্তৃত করা যায়, তা নিয়ে গবেষণা করার সুযোগ থাকবে।

দুই ধাপে প্রশিক্ষণ, এরপর বাস্তবায়ন

নিউজ এআই ল্যাবের কার্যক্রম পরিচালিত হবে তিনটি পর্যায়ে। প্রথম দুই ধাপে থাকবে অনলাইন প্রশিক্ষণ ও সরাসরি কর্মশালা। এরপর চলবে আইডিয়া বা প্রস্তাবের পর্যালোচনা, অনুমোদন ও বাস্তবায়ন কার্যক্রম।

নির্বাচিত অংশগ্রহণকারীদের ছয় সপ্তাহের অনলাইন প্রশিক্ষণ দেওয়া হবে। ১৪ সেপ্টেম্বর থেকে ২৬ অক্টোবর ২০২৬ পর্যন্ত প্রতি সপ্তাহে এক দিন করে দুই ঘণ্টাব্যাপী প্রশিক্ষণ চলবে। এতে এআইয়ের মৌলিক ধারণা, এর সম্ভাব্য ব্যবহার ও সংবাদমাধ্যমের কাজে এআই কীভাবে যুক্ত করা যায়—এসব বিষয় শেখানো হবে।

অনলাইন প্রশিক্ষণের পর দুই দিনব্যাপী সরাসরি প্রশিক্ষণ ও কর্মশালা চলবে ১৬ নভেম্বর থেকে।

প্রথম দিন: নিউজরুমের এআই–সংক্রান্ত সমস্যা চিহ্নিত করা, এআই ব্যবহারের বর্তমান সক্ষমতা যাচাই, গুগলের এআই পণ্য সম্পর্কে ধারণা নেওয়া এবং সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা হবে।

দ্বিতীয় দিন: সমাধানটি ব্যবহারকারীর জন্য কীভাবে কাজ করবে, তার পরিকল্পনা করা, সমাধানের কাঠামো পরিমার্জন, নতুনভাবে কাজের সুযোগ খোঁজা এবং গুগলের এআই পণ্য ব্যবহার করে হাতে–কলমে একটি কার্যকর পরীক্ষামূলক সংস্করণ তৈরি করা হবে।

আবেদন করতে এই কিউআর কোড স্ক্যান করুন

তৃতীয় ধাপ: ১৫ মাসের বাস্তবায়ন

দুই ধাপে প্রশিক্ষণ ও কর্মশালায় অংশগ্রহণকারীরা নিজেদের প্রতিষ্ঠানে এআই রূপান্তরের ক্ষেত্রে একটি বাস্তব সমস্যা বা চ্যালেঞ্জ চিহ্নিত করে সেটিকে ‘কেস’ হিসেবে উপস্থাপন করবেন। এরপর সমস্যাটি সমাধানে অভিজ্ঞ প্রশিক্ষকেরা সংশ্লিষ্ট সংবাদমাধ্যম প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজ করবেন।

যারা আবেদন করতে পারবে

বাংলাদেশের সংবাদমাধ্যম প্রতিষ্ঠানগুলো এই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবে। যেমন জাতীয় সংবাদমাধ্যম, অনলাইন নিউজ পোর্টাল, টেলিভিশন চ্যানেল ও তাদের ডিজিটাল প্ল্যাটফর্ম, মাল্টিমিডিয়া সংবাদপ্রতিষ্ঠান, নিউজ স্টার্টআপ, স্থানীয় বা আঞ্চলিক সংবাদমাধ্যম, অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মসহ অন্যান্য ডিজিটাল সংবাদমাধ্যম, যাদের নিজস্ব ওয়েবসাইট রয়েছে।

অংশগ্রহণের যোগ্যতা ও শর্তাবলি

  • বাংলাদেশে নিবন্ধিত সংবাদমাধ্যম হতে হবে এবং নিজস্ব ওয়েবসাইট থাকতে হবে।

  • প্রতিটি প্রতিষ্ঠান সর্বোচ্চ দুজনকে মনোনয়ন দিতে পারবে—একজন নিউজ বা সম্পাদকীয় বিভাগ থেকে এবং অন্যজন ব্যবসা বিভাগ থেকে।

  • কর্মসূচির অগ্রগতি তদারকের জন্য প্রতিষ্ঠানের একজন নির্বাহী পর্যায়ের কর্মকর্তা দায়িত্বে থাকবেন।

  • ছয় সপ্তাহের অনলাইন প্রশিক্ষণ। প্রতি সপ্তাহে হবে প্রায় দুই ঘণ্টাব্যাপী।

  • দুই দিনের সরাসরি কর্মশালায় অংশ নিতে হবে।

  • কর্মসূচির পুরো সময় নির্ধারিত কাজ, কার্যক্রম, জরিপ ও অগ্রগতি যাচাইয়ে অংশ নিতে হবে।

  • অংশগ্রহণকারী প্রতিষ্ঠানকে তাদের কনটেন্ট ‘জেমিনি এলএলএম’–এ ব্যবহারের অনুমতি দিতে হবে।

  • ‘নিউজ এআই ল্যাব’ কর্মসূচি ও গুগলের এআই পণ্য নিয়ে মতামত, পরামর্শ ও অভিজ্ঞতা জানাতে হবে।

  • কর্মসূচি থেকে পাওয়া অভিজ্ঞতা ও ফলাফল গুগল প্রয়োজনে প্লেবুক, কেস স্টাডি, শিক্ষামূলক বা প্রচারমূলক উপকরণে ব্যবহার করতে পারবে।

  • গুগল চাইলে শিল্পসংশ্লিষ্ট বিভিন্ন আয়োজনে কর্মসূচির বিভিন্ন দিক প্রচার ও তুলে ধরতে সহযোগিতা করতে হবে।

আবেদন করতে হবে যেভাবে

আগ্রহী সংবাদমাধ্যম প্রতিষ্ঠানকে নির্ধারিত অনলাইন ফরমে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় ২১ আগস্ট ২০২৬, শুক্রবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত।

নিউজ এআই ল্যাবের কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানতে বা আবেদনসংক্রান্ত যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করা যাবে ০১৩৩৮–৬৯৪৮৪৯ নম্বর অথবা [email protected]–এ।