ভোলায় সার কারখানা করা যায় কি না, যাচাই করে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বীপজেলা ভোলায় সার কারখানা করে সেখানকার গ্যাস ব্যবহার করা যায় কি না, সেটি যাচাই করে দেখতে মন্ত্রণালয়ের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন। বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর এই নির্দেশের কথা জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

গতকাল রোববার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সিলেটের গ্যাসক্ষেত্রে তেলের সন্ধান পাওয়ার বিষয়টি জানান। জরুরি সংবাদ সম্মেলন ডেকে তিনি জানিয়েছেন, সিলেট গ্যাসক্ষেত্রের ১০ নম্বর কূপ খনন করে প্রথম স্তরে তেলের সন্ধান পাওয়া গেছে। পরীক্ষামূলকভাবে প্রতি ঘণ্টায় ৩৫ ব্যারেল (১৫৯ লিটার) তেলের প্রবাহ পাওয়া গেছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, এই তেলের সন্ধান পাওয়ার বিষয়টি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ আজ মন্ত্রিসভাকে জানিয়েছেন। ওই সময় ভোলায় যে গ্যাস পাওয়া গেছে, কীভাবে সেটির সর্বোচ্চ ব্যবহার করা যায়, তা নিয়ে আলোচনা হয়। এখন সিলিন্ডারে করে গ্যাস এনে বিভিন্ন শিল্পকারখানায় দেওয়া হচ্ছে। সেই কাজ শুরু হয়েছে। কিন্তু সেটি পরিমাণে বেশি নয়। সেখানে যে গ্যাস আছে, সেখানে আরও কিছু করা সম্ভব। সে ক্ষেত্রে প্রধানমন্ত্রী মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন, সেখানে সার কারখানা করে গ্যাস ব্যবহার করা যায় কি না, তা সমীক্ষার মাধ্যমে পরীক্ষা করে দেখতে।  

মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে স্বাক্ষরের জন্য দ্বিপক্ষীয় বিমান চলাচল চুক্তির খসড়া এবং বাংলাদেশ ও কসোভোর মধ্যে স্বাক্ষরের লক্ষ্যে সাংস্কৃতিক সহযোগিতাবিষয়ক চুক্তির খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া সামুদ্রিক পর্যটন নীতিমালা ও জাতীয় স্বেচ্ছাসেবা নীতিমালার খসড়াও অনুমোদন দেওয়া হয়েছে।