এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে দুর্বৃত্তদের আগুন

আগুনে ক্ষতিগ্রস্ত এ বি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর গাড়িছবি: দলের সৌজন্যে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর গাড়িতে গতকাল বুধবার গভীর রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি। দলটির ভাষ্য, পতিত ফ্যাসিবাদী শক্তি গোটা দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে।

আজ বৃহস্পতিবার এবি পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবার রাত তিনটার দিকে রাজধানীর বিজয়নগরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে এ ন্যক্কারজনক ঘটনা ঘটেছে। মুখে মাস্ক পরা কয়েকজন দুর্বৃত্ত অটোরিকশায় করে এসে মজিবুর রহমান মঞ্জুর পার্ক করা গাড়িতে বোতলে থাকা দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। আগুন জ্বলতে শুরু করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। কার্যালয়ের নৈশপ্রহরীরা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে ঘটনাটি দেখতে পেয়ে দ্রুত আগুন নেভানোর ব্যবস্থা করেন। তবে ততক্ষণে গাড়িটির একাংশ পুড়ে যায়।

এক যৌথ বিবৃতিতে এবি পার্টির কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান মেজর (অব.) আব্দুল ওহাব মিনার এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ বলেন, একটি রাজনৈতিক দলের চেয়ারম্যানের গাড়িতে গভীর রাতে এভাবে অগ্নিসংযোগ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি রাজনৈতিক অসহিষ্ণুতা, ভীতি প্রদর্শন, সন্ত্রাসবাদ এবং গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশের ওপর সরাসরি আঘাত।

বিবৃতিতে বলা হয়, আগুন-সন্ত্রাস, হামলা কিংবা ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে কোনো রাজনৈতিক শক্তিকে দমিয়ে রাখার অপচেষ্টা গ্রহণযোগ্য নয়। আগুন-সন্ত্রাস করে ফ্যাসিবাদীরা আরও বেশি জনবিচ্ছিন্ন হচ্ছে। দেশের গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় এ ধরনের অপরাধের বিরুদ্ধে সরকারকে কঠোর অবস্থান নিতে হবে।

অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানানো হয়।