বগুড়ায় দূরপাল্লার কোচ উল্টে কিশোর ও তরুণ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় দূরপাল্লার যাত্রীবাহী কোচ উল্টে এক কিশোর ও এক তরুণ নিহত হয়েছেন। আজ বুধবার সকালে উপজেলার চণ্ডীহারা এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

দুর্ঘটনায় নিহত দুজনই দূরপাল্লার কোচের যাত্রী ছিলেন। এর মধ্যে নিহত কিশোরের নাম মো. আল আমিন (১৫)। সে রংপুরের মিঠাপুকুর উপজেলার কাপড়িখাল গ্রামের মো. সেলিম মিয়ার ছেলে। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত নিহত তরুণের নাম-পরিচয় জানতে পারেনি হাইওয়ে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ২১ বছর।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী বৈশাখী পরিবহনের একটি কোচ ভোরের দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার চণ্ডীহারা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের সড়ক বিভাজকে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুজন যাত্রী নিহত হন। আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

হাইওয়ে পুলিশের গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার পর কোচের চালক ও সহকারী পালিয়েছেন। দুর্ঘটনায় নিহত কিশোরের পরিচয় জানা গেলেও তরুণের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।