পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আপিল মঞ্জুর, দাবি করা অর্থ পাবে না সামিট: রাষ্ট্রপক্ষ
ঢাকা, নরসিংদী ও কুমিল্লায় অবস্থিত পৃথক তিনটি বিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎ সরবরাহের জন্য চুক্তি অনুযায়ী নির্দিষ্ট হারে দাবি করা অর্থ সামিট পাওয়ার লিমিটেডকে দিতে হাইকোর্টের রায় এবং এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সালিস ও রিভিউর সিদ্ধান্ত (সামিটের দাবি অর্থ প্রদানে অ্যাওয়ার্ড) বাতিল ঘোষণা করেছেন আপিল বিভাগ। এই অর্থের পরিমাণ ৭০০ কোটি টাকার বেশি।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের করা পৃথক তিনটি আপিল মঞ্জুর করে আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ এ রায় দেন।
আদালতে পল্লী বিদ্যুতের পক্ষে আইনজীবী ফিদা এম কামাল, মুরাদ রেজা, মোহাম্মদ মেহেদী হাছান চৌধুরী, শেখ মো. জাকির হোসেন, কে এস সালাহ উদ্দিন আহমেদ ও রেজা–ই–রাব্বি খন্দকার শুনানিতে ছিলেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ। সামিটের পক্ষে শুনানি করেন আইনজীবী প্রবীর নিয়োগী, তানজিব উল আলম ও মুস্তাফিজুর রহমান খান।
রায়ের পর অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ প্রথম আলোকে বলেন, ‘২০০৬ সালের ওই চুক্তি ১৯৭৭ সালের বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড অধ্যাদেশের পরিপন্থী এবং বোর্ডের এখতিয়ার–বহির্ভূত। আপিল বিভাগ সামিটের দাবি করা অর্থ দিতে বিইআরসির সালিস ও রিভিউর সিদ্ধান্ত এবং হাইকোর্টের রায় বাতিল ঘোষণা করেছেন। ফলে দাবি করা অর্থ পাবে না সামিট। এই অর্থের পরিমাণ ৭০০ কোটি টাকার ওপরে।’
সংশ্লিষ্ট একাধিক আইনজীবীর তথ্যমতে, ঢাকা, নরসিংদী ও কুমিল্লায় তিনটি বিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎ সরবরাহ নিয়ে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সঙ্গে ২০০০ সালে সামিট পাওয়ার লিমিটেডের সঙ্গে চুক্তি হয়। পরে ব্যাপ্তি বাড়লে ২০০৬ সালে সম্পূরক চুক্তি হয়। সরকারের দেওয়া গ্যাসের বিপরীতে নির্দিষ্ট (বিএসটি ৩ পয়সা, প্রতি ইউনিট) হারে অর্থের বিনিময়ে বিদ্যুৎ সরবরাহের সম্পূরক চুক্তি হয়। চুক্তির শর্ত পূরণ নিয়ে বিরোধ হওয়ার প্রেক্ষাপটে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সালিশ ট্রাইব্যুনালে যায় সামিট। সামিটের পক্ষে সিদ্ধান্ত আসে। এর বিরুদ্ধে বিইআরসিতে রিভিউ করে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। রিভিউর সিদ্ধান্তও সামিটের পক্ষে আসে। এর বৈধতা নিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ড হাইকোর্টে রিট করে, যা ২০১৭ সালের ১৭ আগস্ট খারিজ হয়। ফলে চুক্তি অনুসারে সামিটের দাবি করা অর্থ দিতে বিইআরসির সালিস ও রিভিউর আগের দুটি সিদ্ধান্ত বহাল থাকে। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে পল্লী বিদ্যুতায়ন বোর্ড ২০১৯ সালের পৃথক তিনটি আপিল করে।