বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ের

জাতিসংঘের মানবাধিকার পরিষদে অভিবাসীদের মানবাধিকারবিষয়ক বিশেষ র‌্যাপোর্টিয়ের ফেলিপ গঞ্জালেজ
ছবি: জাতিসংঘের ওয়েবসাইট থেকে নেওয়া

বাংলাদেশের অভিবাসীদের মানবাধিকার সুরক্ষা পরিস্থিতি সরেজমিনে দেখতে এবং বুঝতে ২০ জানুয়ারি ঢাকায় আসছেন জাতিসংঘের মানবাধিকার পরিষদে অভিবাসীদের মানবাধিকারবিষয়ক বিশেষ র‌্যাপোর্টিয়ের ফেলিপ গঞ্জালেজ।

বৃহস্পতিবার জাতিসংঘের মানবাধিকার পরিষদের ওয়েবসাইটে বলা হয়, বাংলাদেশ সফর শেষে কী দেখলেন, তা আগামী জুনে মানবাধিকার পরিষদে উপস্থাপন করতে যাওয়া একটি প্রতিবেদনে তুলে ধরবেন ফেলিপ গঞ্জালেজ। সফর সামনে রেখে তিনি এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য-উপাত্ত ও মতামত চেয়েছেন।

মানবাধিকার পরিষদের ওয়েবসাইটে বলা হয়েছে, ফেলিপ গঞ্জালেজ বাংলাদেশ সফরের সময় অভিবাসীদের মানবাধিকার পরিস্থিতি দেখার পাশাপাশি অভিবাসীদের মানবাধিকার সুরক্ষা নিশ্চিতের লক্ষ্যে রাষ্ট্রের বাধ্যবাধকতা বাস্তবায়নে কতটা অগ্রগতি হয়েছে, তা মূল্যায়ন করবেন। একই সঙ্গে অভিবাসীদের মানবাধিকার সুরক্ষার সঙ্গে সম্পর্কিত চ্যালেঞ্জগুলো চিহ্নিত করে তাঁদের মানবাধিকার নিশ্চিত করতে রাষ্ট্র এবং সংশ্লিষ্ট অংশীজনদের কাছে সুপারিশ তুলে ধরবেন।

সফরের প্রস্তুতির অংশ হিসেবে জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ের নাগরিক সমাজ, মানবাধিকার সংগঠন ও অন্যান্য আগ্রহী অংশীজনের মতামতকে স্বাগত জানাবেন। পাশাপাশি তিনি তাঁর কাজের পরিধির সঙ্গে সম্পৃক্ত প্রাসঙ্গিক তথ্য পেলে কৃতজ্ঞ থাকবেন বলে জানিয়েছেন।

ফিলিপ গঞ্জালেজ যেসব তথ্য চেয়েছেন, সেগুলোর মধ্যে রয়েছে যেকোনো জাতীয় কর্মপরিকল্পনার তথ্যসহ অভিবাসনের সুশাসন–সম্পর্কিত নীতি এবং তার বাস্তবায়ন; আন্তর্জাতিক শ্রম অভিবাসনের প্রেক্ষাপটে দেশে ফিরে আসা অভিবাসীদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন এবং পুনরায় প্রবেশের সুবিধা দেওয়ার উদ্যোগ নেওয়া; নিয়মিত এবং মর্যাদাসম্পন্ন শ্রম অভিবাসনের পথ; অভিবাসী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করার ব্যবস্থা; বাংলাদেশে অভিবাসী ও রোহিঙ্গা শরণার্থীদের জন্য শ্রমবাজারে আইনি প্রবেশাধিকার।

এ ছাড়া বিশেষ র‌্যাপোর্টিয়ের রোহিঙ্গা শরণার্থীদের আন্তসীমান্ত চলাচল, সমুদ্রে নৌকায় করে প্রস্থানসহ এই অঞ্চলের সমুদ্রে রোহিঙ্গাদের অনুসন্ধান ও উদ্ধারের বিষয়ে তথ্য চেয়েছেন।