২৯ অক্টোবর উদ্যাপিত হবে উদীচীর ৫৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী
‘সংস্কৃতির সংগ্রামে দ্রোহের দীপ্তি, মুক্তির লড়াইয়ে অজেয় শক্তি’ স্লোগান নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। ২৯ অক্টোবর বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় অনুষ্ঠিত হবে এ আয়োজন। এ উপলক্ষে শুক্রবার সংবাদ সম্মেলন করেছে সাংস্কৃতিক সংগঠনটি।
রাজধানীর তোপখানা রোডে উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জানানো হয়, মানুষের মানবিক মূল্যবোধ মুখ থুবড়ে পড়েছে। সরকার একের পর এক অগণতান্ত্রিক ও নিবর্তনমূলক আইন প্রণয়নের মাধ্যমে নানা স্তরের জনগণের মতপ্রকাশের স্বাধীনতা খর্ব করে চলেছে। উদীচী তার ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর স্লোগান নির্ধারণ করেছে, ‘সংস্কৃতির সংগ্রামে দ্রোহের দীপ্তি, মুক্তির লড়াইয়ে অজেয় শক্তি’।
সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে। উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক বদিউর রহমানের সভাপতিত্বে আয়োজিত সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদের সহসভাপতি মাহমুদ সেলিম, নিবাস দে, প্রবীর সরদার, জামসেদ আনোয়ার, সহসাধারণ সম্পাদক সঙ্গীতা ইমামসহ কেন্দ্রীয় নেতারা।
বক্তারা বলেন, দেশে অবকাঠামোগত উন্নয়ন হলেও মানুষের মানবিক ঋদ্ধির দিকে খুব একটা নজর দেওয়া হয়নি। প্রতিবছর বাজেটেই সংস্কৃতি খাতের বরাদ্দ ধারাবিহকভাবে কমছে। অথচ সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, ধর্ম ব্যবসা ও মৌলবাদকে রুখতে হলে এবং মুক্তিযুদ্ধের চেতনায় শিক্ষিত মানবিক বোধসম্পন্ন তরুণ প্রজন্মক গড়ে তুলতে হলে সাংস্কৃতিক জাগরণের বিকল্প নেই বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন বক্তারা।
নিপীড়িত মানুষের গান গাওয়ার অঙ্গীকার নিয়ে ন্যায় ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সোচ্চার হওয়ার লক্ষ্যে ১৯৬৮ সালের ২৯ অক্টোবর প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।