স্লিপার বাস নিয়ে এবার মালিকদের রিট, নীতিমালা প্রণয়ন কেন নয় জানতে চেয়ে রুল
স্লিপার বাসের বিষয়ে বিধিমালা, নীতিমালা বা গাইডলাইন প্রণয়ন করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি বিধিমালা, নীতিমালা বা গাইডলাইন প্রণয়নে ব্যর্থতা বা নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, রুলে তা–ও জানতে চাওয়া হয়েছে।
এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এ রুল দেন। স্লিপার বাসের বিষয়ে বিধিমালা, নীতিমালা বা গাইডলাইন প্রণয়নের নির্দেশনা চেয়ে ১৯ জন স্লিপার বাসমালিক ৫ নভেম্বর রিটটি করেন।
আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. তানভীর আহমেদ ও আবদুল্লাহ আবু সাঈদ। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মোহাম্মদ রাফিউল ইসলাম।
পরে আইনজীবী তানভীর আহমেদ প্রথম আলোকে বলেন, স্লিপার বাসের বিষয়ে খসড়া গাইডলাইন বা নীতিমালা হলেও তা চূড়ান্ত হয়নি। গাইডলাইন বা নীতিমালা প্রণয়নের নির্দেশনা চেয়ে ১৯ জন স্লিপার বাসমালিক রিটটি করেন। আদালত রুল দিয়েছেন। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব, বিআরটিএর চেয়ারম্যান ও পুলিশের মহাপরিদর্শকসহ বিবাদীদের ছয় সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
স্লিপার বাস নিয়ে আইনজীবীর রিট
সড়কে নিরাপত্তা নিশ্চিতে অননুমোদিত স্লিপার বাস চলাচলের ওপর স্থগিতাদেশ চেয়ে গত বছরের ১৩ জানুয়ারি রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মুহাম্মদ হুজ্জাতুল ইসলাম খান। প্রাথমিক শুনানি নিয়ে গত বছরের ৪ ফেব্রুয়ারি হাইকোর্ট রুল দেন। পরবর্তী সময়ে রিট আবেদনকারীর এক আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২ জুলাই আদালত কয়েক দফা নির্দেশনাসহ আদেশ দেন। তাতে কতটি স্লিপার বাসের অনুমতি দেওয়া হয়েছে, অননুমোদিত ডাবল ডেকার স্লিপার বাসের বিরুদ্ধে নেওয়া ব্যবস্থা এবং তিন সদস্যের কমিটি গঠন করে স্লিপার বাসের বর্তমান পরিস্থিতি ও নজরদারির জন্য নীতিমালা প্রণয়নের সুপারিশ বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়।
এর ধারাবাহিকতায় প্রতিবেদন দাখিল করে বিআরটিএ। অন্যদিকে স্লিপার এসি বাসের নির্বিঘ্ন চলাচলে বাধা না দেওয়ার নির্দেশনা চেয়ে বাংলাদেশ স্লিপার এসি বাস মালিক সমিতির পক্ষে আদালতে আবেদন করা হয়। এ আবেদনের শুনানি নিয়ে গত ৯ সেপ্টেম্বর হাইকোর্টের অপর একটি দ্বৈত বেঞ্চ আদেশ দেন।
৯ সেপ্টেম্বর দেওয়া আদেশে শর্তসাপেক্ষে বিআরটিএর বৈধ অনুমোদন পাওয়া মালিক সমিতির সদস্যদের ডাবল ডেকার স্লিপার বাসগুলো আটক, জব্দ বা ডাম্প না করতে আইন প্রয়োগকারী সংস্থার প্রতি নির্দেশ দেওয়া হয়। স্লিপার বাস হিসেবে এ ক্ষেত্রে ২০১৮ সালের সড়ক পরিবহন আইন ও ২০২২ সালের সড়ক পরিবহন বিধিমালার বিধান পুরোপুরি মেনে বৈধ নিবন্ধন, রুট পারমিট ও ফিটনেস সনদ থাকতে হবে।
এরপর স্লিপার বাসের বিষয়ে বিধিমালা, নীতিমালা বা গাইডলাইন প্রণয়নের নির্দেশনা চেয়ে ১৯ জন স্লিপার বাসমালিক ৫ নভেম্বর রিট করেন। এ রিটের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার হাইকোর্ট রুল দেন।
বিআরটিএর আইনজীবী মোহাম্মদ রাফিউল ইসলাম প্রথম আলোকে বলেন, আইনজীবীর করা রিট ও স্লিপার বাসমালিকদের করা রিটের একসঙ্গে শুনানি হবে।