‘ডোনাল্ড ট্রাম্পের’ ঠিকানা বদল, চিড়িয়াখানা থেকে গেল বিএলআরআইয়ে

আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে গত ২৭ মে কেরানীগঞ্জ থানায় নেওয়ার জন্য ট্রাকে ওঠানো হচ্ছিল। থানা থেকে পাঠানো হয় জাতীয় চিড়িয়াখানায়ফাইল ছবি: প্রথম আলো

কোরবানির ঈদের আগে আলোচিত হয়ে ওঠার পর ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের মহিষটি খামার থেকে ক্রেতার হাত ঘুরে সরকারের তৎপরতায় গিয়েছিল জাতীয় চিড়িয়াখানায়। তবে সেখান থেকে প্রাণীটিকে এখন বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআই) সরিয়ে নেওয়া হয়েছে।

রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানা থেকে গতকাল রোববার অ্যালবিনো মহিষটিকে সাভারে বিএলআরআইয়ে নেওয়া হয় বলে প্রথম আলোকে জানিয়েছেন জাতীয় চিড়িয়াখানার পরিচালক মোহাম্মাদ রফিকুল ইসলাম তালুকদার।

আরও পড়ুন

তিনি আজ সোমবার রাতে প্রথম আলোকে বলেন, মন্ত্রণালয় থেকে নির্দেশনার পরিপ্রেক্ষিতে গতকাল মহিষটিকে ডিএলআরআইয়ের কাছে তাঁরা হস্তান্তর করেছেন। হস্তান্তরের সময় মহিষটি সম্পূর্ণ সুস্থ ও ভালো ছিল।

ঈদুল আজহার আগের দিন গত ২৮ মে মহিষটিকে চিড়িয়াখানায় নেওয়া হয়েছিল। চিড়িয়াখানার হরেক প্রাণীর মধ্যে এই মহিষটি হয়ে উঠেছিল আকর্ষণের কেন্দ্রবিন্দু।

ঈদের পবিত্র ঈদুল আজহা সামনে রেখে বাংলাদেশের পাশাপাশি আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও ব্যাপক আলোচনায় আসে মহিষটি।

আরও পড়ুন

নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় জিয়াউদ্দিন মৃধার রাবেয়া অ্যাগ্রো ফার্মে লালন–পালন করা হচ্ছিল মহিষটি। জিয়া উদ্দিন গণমাধ্যমকে জানিয়েছিলেন, মহিষটির ‘অসাধারণ চুল’ দেখে তাঁর ভাই এর নাম রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নামানুসারে।

ঈদের আগে জিয়া উদ্দিন মহিষটি বিক্রি করেছিলেন কেরানীগঞ্জের জিনজিরার মনিরুজ্জামানের কাছে। নারায়ণগঞ্জের খামার থেকে মহিষটি কেরানীগঞ্জে নিজের বাড়িতে নিয়ে গিয়েছিলেন মনিরুজ্জামান। সে সময় খামারে লালগালিচা বিছিয়ে, রঙিন ধোঁয়া উড়িয়ে ও রাজকীয় সাজে মহিষটিকে বিদায় জানানো হয়।

ঈদের আগের দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে মহিষটিকে মনিরুজ্জামানের বাড়ি থেকে নিয়ে আসে পুলিশ। এরপর বিশ্বব্যাপী সাড়া জাগানো মহিষটিকে জাতীয় চিড়িয়াখানায় নেওয়া হয়। তারপর থেকে মহিষটি জাতীয় চিড়িয়াখানায় ছিল।

আরও পড়ুন
আরও পড়ুন