সুপার ষ্টার ফুটবল জিনিয়াস: মেগা বিজয়ী তিনজন পেলেন গিফট কম্বো

‘সুপার ষ্টার ফুটবল জিনিয়াস’ ক্যাম্পেইনের মেগা বিজয়ীদের সঙ্গে প্রথম আলো ও সুপার ষ্টার গ্রুপের কর্মকর্তারাছবি: প্রথম আলো

ফুটবল বিশ্বকাপ উপলক্ষে প্রথম আলো ডটকম আয়োজিত ‘সুপার ষ্টার ফুটবল জিনিয়াস’ কুইজের তিন মেগা বিজয়ীকে পুরস্কার দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

বিশ্বকাপের সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচের কুইজে অংশগ্রহণকারীদের মধ্য থেকে মেগা বিজয়ীদের নির্বাচন করা হয়। চ্যাম্পিয়ন ঢাকার তাসনিম চৌধুরী পেয়েছেন সুপার ষ্টারের ডায়মন্ড সিলিং ফ্যান, এলইডি লাইট ও অ্যাকসেসরিস কম্বো। প্রথম রানারআপ যশোরের জাহাঙ্গীর আলম পেয়েছেন স্টর্মি ফ্যান, এলইডি লাইট ও অ্যাকসেসরিস কম্বো এবং দ্বিতীয় রানারআপ ময়মনসিংহের মো. জুয়েল রানা পেয়েছেন স্টর্মি ফ্যান ও এলইডি লাইট কম্বো।

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক, প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র এবং সুপার ষ্টার গ্রুপের ডেপুটি জেনারেল ম্যানেজার (মার্কেটিং) আবদুল্লাহ আল মামুন ও মোহিত চক্রবর্তী।

আয়োজনটির প্রেক্ষাপট সম্পর্কে আবদুল্লাহ আল মামুন বলেন, ‘সুপার ষ্টার ১৯৯৪ সাল থেকে বাংলাদেশের গ্রাহকদের সেবা দিয়ে আসছে। বর্তমানে দেশের সীমানা পেরিয়ে বিদেশেও আমাদের পণ্য পৌঁছে যাচ্ছে। তবে পণ্য বিক্রির পাশাপাশি দেশের প্রতি সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন কল্যাণমূলক কর্মকাণ্ডেও যুক্ত থাকি আমরা। সুপার ষ্টার ফুটবল জিনিয়াস ক্যাম্পেইনটিও তেমনই একটি উদ্যোগ। বিশ্বকাপের সময়টিকে গ্রাহকদের জন্য আরও আনন্দময় ও রঙিন করে তুলতেই প্রথম আলোর সঙ্গে আমাদের যুক্ত হওয়া।’

‘সুপার ষ্টার ফুটবল জিনিয়াসে’র মতো আয়োজন বিশ্বকাপের আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে বলে জানান প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক
ছবি: প্রথম আলো

বিজয়ীদের শুভেচ্ছা জানিয়ে মোহিত চক্রবর্তী বলেন, ‘গ্রাহকদের সঙ্গে সুপার ষ্টারের সম্পর্ক ও সম্পৃক্ততা আরও বাড়াতে আমরা নিয়মিত এ ধরনের উদ্যোগে যুক্ত থাকতে চাই। দেশের সর্বাধিক পঠিত সংবাদমাধ্যম প্রথম আলো এ ধরনের আয়োজন স্বচ্ছতার সঙ্গে পরিচালনা করে। ফলে গ্রাহকদের কাছে পৌঁছাতেই আমরা প্রথম আলোর সঙ্গে বারবার যুক্ত হই। ভবিষ্যতেও এ ধরনের আয়োজনে যুক্ত থাকতে চাই। যাঁরা এ আয়োজনে অংশ নিয়েছেন এবং বিজয়ী হয়েছেন, সবাইকে অভিনন্দন।’

সুপার ষ্টারের মতো প্রথম আলোও সারা বছরই দেশের মানুষের জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়ে থাকে বলে জানান আনিসুল হক। তিনি বলেন, ‘প্রথম আলো ট্রাস্ট দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে স্কুল প্রতিষ্ঠা, শিক্ষার্থীদের বৃত্তি প্রদানসহ নানা কার্যক্রম পরিচালনা করছে। বিশ্বকাপের সময় সুপার ষ্টার ফুটবল জিনিয়াসের মতো আয়োজনগুলো মানুষের মধ্যে বাড়তি আনন্দ নিয়ে এসেছে এবং বিশ্বকাপের মুহূর্তগুলোকে আরও উপভোগ্য করে তুলেছে।’

উৎপল শুভ্র বলেন, ‘যা কিছু ভালো, তার সঙ্গেই প্রথম আলো। দেশের মানুষের জন্য সুপার ষ্টার গ্রুপ বিভিন্ন ধরনের সামাজিক ও জনসম্পৃক্ত উদ্যোগ নিয়ে থাকে। ভবিষ্যতেও আপনাদের সঙ্গে যৌথভাবে এ ধরনের কুইজ প্রতিযোগিতা আরও বেশি করে আয়োজন করতে চাই।’

মেগা চ্যাম্পিয়ন পুরস্কার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থী তাসনিম চৌধুরী। তিনি বলেন, ‘সুপার ষ্টার ফুটবল জিনিয়াস কুইজে অংশ নিয়ে পুরস্কার পাব, ভাবতে পারিনি। আমি খুবই আনন্দিত। প্রথম আলো ও সুপার ষ্টারকে এমন একটি সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ।’

বিশ্বকাপের আনন্দে গ্রাহকদের আরও সম্পৃক্ত করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয় বলে জানান সুপার ষ্টার গ্রুপের ডেপুটি জেনারেল ম্যানেজার (মার্কেটিং) আবদুল্লাহ আল মামুন
ছবি: প্রথম আলো

মেগা বিজয়ী তিনজন ছাড়াও বিশ্বকাপে প্রতিদিনের কুইজ বিজয়ী হিসেবে পুরস্কার পান ১০১ জন। প্রতি ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে কুইজের সবচেয়ে বেশি সঠিক উত্তরদাতাদের মধ্যে প্রতিদিন একজন করে বিজয়ী নির্বাচিত হন। পুরস্কার হিসেবে তাঁরা পেয়েছেন ব্লুটুথ লাইট, স্মার্ট ওয়াই-ফাই লাইট, এলইডি লাইট, এক্সটেনশন সকেট, মসকুইটো ব্যাট, স্টর্মি ফ্যানসহ সুপার ষ্টারের বিভিন্ন পণ্য। বিজয়ীদের পুরস্কার তাঁদের ঠিকানায় পৌঁছে দেওয়া হয়।

বিশ্বকাপ চলাকালে ssgfootballgenius.com ওয়েবসাইটে মোট নিবন্ধিত অংশগ্রহণকারী ছিলেন ৬৮ হাজার ৪৭৬ জন। ক্যাম্পেইনটির মোট রিচ হয়েছে ৫৩ লাখ ৭৫ হাজার ৭০২।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপার ষ্টার গ্রুপের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (মার্কেটিং অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট) আবু সুফিয়ান, প্রথম আলোর ডিজিটাল বিজনেস বিভাগের উপব্যবস্থাপক বিবর্ধন রায়, সহকারী ব্যবস্থাপক বি এম আলমগীর কবীর, জ্যেষ্ঠ নির্বাহী রুম্মান হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলোর সহকারী মহাব্যবস্থাপক (ডিজিটাল কনটেন্ট) খায়রুল বাবুই।