তথ্য কমিশনকে গতিশীল ও কার্যকর করার আহ্বান তথ্য অধিকার ফোরামের
তথ্য অধিকার আইনের কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে নতুন তথ্য কমিশনকে গতিশীল, স্বাধীন ও কার্যকরভাবে পরিচালনার আহ্বান জানিয়েছে তথ্য অধিকার ফোরাম। কমিশনারদের পদমর্যাদা ও সুযোগ-সুবিধা নির্ধারণ, পর্যাপ্ত জনবল ও বাজেট বরাদ্দ এবং আইন সম্পর্কে অভিজ্ঞ একজন পূর্ণ সচিব নিয়োগের দাবিও জানিয়েছে সংগঠনটি।
আজ মঙ্গলবার তথ্য অধিকার ফোরামের একটি প্রতিনিধিদল নতুন তথ্য কমিশনের সঙ্গে সাক্ষাৎ করে এ দাবি জানায়। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে তথ্য অধিকার ফোরাম।
নতুন কমিশনকে স্বাগত জানিয়ে কমিশনের স্বাধীন ও কার্যকর কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় কারিগরি সহযোগিতা দেওয়ার প্রত্যয় জানায় ফোরাম।
তথ্য অধিকার ফোরামের মতে, নাগরিকের তথ্যপ্রাপ্তি নিশ্চিত করার ক্ষেত্রে তথ্য কমিশন সর্বোচ্চ প্রতিষ্ঠান। আইন অনুযায়ী, কমিশন একটি দেওয়ানি আদালতের অনুরূপ ক্ষমতা প্রয়োগ করে অভিযোগ অনুসন্ধানের মাধ্যমে সিদ্ধান্ত দিতে পারে। প্রয়োজনে জরিমানা আরোপ এবং বিভাগীয় শাস্তির সুপারিশ করার ক্ষমতাও রয়েছে কমিশনের। প্রধান তথ্য কমিশনার ও তথ্য কমিশনারদের পদমর্যাদা, পারিশ্রমিক, ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধা যথাক্রমে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারকদের অনুরূপ হওয়া প্রয়োজন।
বিবৃতিতে বলা হয়, বিভিন্ন সময়ে তথ্য কমিশনারদের পদমর্যাদায় ভিন্নতা থাকলে জনমনে, বিশেষ করে অভিযোগকারী ও তথ্য সরবরাহকারীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। পাশাপাশি অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সহযোগিতা নিশ্চিত করতেও কমিশনারদের উপযুক্ত পদমর্যাদা বাস্তবায়ন জরুরি।
তথ্য অধিকার ফোরাম আরও মনে করে, পেশাদারত্বের সঙ্গে তথ্য কমিশন পরিচালনা, জনসচেতনতা সৃষ্টি এবং বিশেষ করে বিচারিক কার্যক্রম পরিচালনায় কমিশনকে সহায়তার জন্য পর্যাপ্ত জনবল ও বার্ষিক বাজেট বরাদ্দ করা প্রয়োজন।
তথ্য অধিকার ফোরামের পক্ষ থেকে দেওয়া এই বিবৃতিতে সম্মতি জানিয়েছেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার, টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, কোস্ট ট্রাস্টের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরী, বিলসের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, বিএনএনআরসির প্রধান নির্বাহী কর্মকর্তা এইচ এম বজলুর রহমান, নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন, আইসোশ্যালের নির্বাহী চেয়ারপারসন অনন্য রায়হান, ব্লাস্টের অবৈতনিক নির্বাহী পরিচালক সারা হোসেনসহ বেশ কয়েকজন।