নিরাপত্তা চেয়ে পিয়ার করা জিডি, পুলিশকে তদন্তের নির্দেশ আদালতের

জান্নাতুল ফেরদৌস পিয়াছবি: প্রথম আলো

মডেল, অভিনেত্রী ও আইনজীবী জান্নাতুল ফেরদৌস পিয়ার করা নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। ৮ জুলাই রাজধানীর বনানী থানায় তিনি জিডিটি করেছিলেন।

আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জিডির বিষয়ে তদন্ত করে এক মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের এসআই মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পিয়া জান্নাতুল আদালতে উপস্থিত ছিলেন। শুনানি শেষে আদালত জিডিটি তদন্তের নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, ৮ জুলাই বনানী থানায় করা জিডিতে পিয়া জান্নাতুল উল্লেখ করেন, অতীত বা বর্তমানে তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত নন এবং তাঁর কোনো রাজনৈতিক উদ্দেশ্যও নেই। সম্প্রতি একজন নারীর নিরাপত্তা ও ন্যায়বিচারের পক্ষে মানবিক ও আইনসম্মত অবস্থান নেওয়ার পর কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে অসংখ্য হুমকি, ভয়ভীতি ও আপত্তিকর বার্তা পাচ্ছেন। এ ছাড়া অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের কাছ থেকে হুমকিমূলক ফোনকলও এসেছে।

জিডিতে আরও বলা হয়, প্রায় তিন মাস ধরে তিনি লক্ষ করছেন, অজ্ঞাতপরিচয় কয়েকজন ব্যক্তি তাঁকে বিভিন্ন স্থানে অনুসরণ করছেন। এসব ঘটনায় তিনি ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। যেকোনো সময় তাঁর বা পরিবারের সদস্যদের ক্ষতির আশঙ্কা রয়েছে উল্লেখ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা ও পুলিশি সুরক্ষা চেয়েছেন এই মডেল।