‘ভালো বই খুঁজে নিতে হয়’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অমর একুশে বইমেলা
ছবি: প্রথম আলো

জীবনের প্রয়োজনে ছড়িয়ে পড়লেও দেখা–আড্ডার জন্য উপলক্ষ খোঁজে বন্ধু–অন্তঃপ্রাণ হৃদয়। সেই উপলক্ষ যদি হয় বইমেলা, তবে তো কথাই নেই। একটি বহুজাতিক প্রতিষ্ঠানে কর্মরত তরুণ প্রকৌশলী মেহেদী আসিফ এ সুযোগ হাতছাড়া করবেন কেন! গতকাল রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র–শিক্ষক কেন্দ্রের সামনের ফটক দিয়ে বইমেলায় ঢোকার মুখে স্টলবিন্যাস দেখছিলেন তিনি। কারণ জানতে চাইলে এই প্রতিবেদককে বলেন, বন্ধুদের জন্য অপেক্ষা করছেন। তাঁরা এলে একসঙ্গে মেলায় ঢুকবেন। একটা ফর্দ নিয়ে এসেছেন। বন্ধুরা আসতে আসতে স্টলগুলো কোথায় কোনটা দেখে নিচ্ছেন।

ততক্ষণে বইমেলায় ঢোকার মুখে ভিড় লেগে গেছে। দুই দিন সাপ্তাহিক বন্ধের পর গতকাল ছিল কর্মব্যস্ত দিনের মেলা। ঢুকেই পাঞ্জেরী পাবলিকেশন্সে পাওয়া গেল কবি কামাল চৌধুরীকে। দ্বিতীয় দিনের মতো মেলায় এসেছেন তিনি। বললেন, মেলায় আসার জন্য মুখিয়ে থাকেন। এটি কেবল বইমেলাই নয়, স্মৃতিচারণারও মেলা তাঁর কাছে। যোগ করেন, এ মেলা পাঠক–লেখকের মধ্যে সেতুবন্ধ গড়ে দেয়।

সন্ধ্যা নামতে নামতে ভিড় আরও গাঢ় হয়ে আসে। দল বেঁধে ঘুরতে থাকা বন্ধুদের গল্প ও বইকেনা চলে একতালে। প্রথমা প্রকাশনের সামনে বিক্রয়কর্মীরা তখন ভীষণ ব্যস্ত। একজন সরকারি কর্মকর্তা স্কুলপড়ুয়া ছেলেকে কিনে দিচ্ছেন কিশোরদের জন্য প্র প্রকাশন থেকে বের হওয়া হরর, ফ্যান্টাসি, থ্রিলার, সায়েন্স ফিকশন ও উপন্যাসের সাতটি বইয়ের সেট। সেগুনবাগিচা থেকে আসা এই বাবা নাম জানতে চাইলে স্মিত হেসে এড়িয়ে যান। তবে নিজে কী বই কিনেছেন তা জানলেন—মতিউর রহমান সম্পাদিত প্রিয় আনিসুজ্জামান ও আসিফ নজরুলের মানবাধিকার। প্যাভিলিয়নের সামনেই দাঁড়িয়ে ছিলেন প্রথমার সমন্বয়ক লেখক–অনুবাদক জাভেদ হুসেন। বেশ ভিড়—বলতেই হাসলেন। কোন ধরনের বই বেশি বিক্রি হচ্ছে—এ প্রশ্নে বলেন, কাছে–পিঠের সময়ের ইতিহাস ও রাজনীতির বইয়ের প্রতি মানুষের আগ্রহ বেড়েছে। অনেক পাঠকই বিভিন্ন বয়ানের বাইরে গিয়ে নিজের মতো করে ইতিহাসের সত্য অন্বেষণে আগ্রহী।

ঘুরতে ঘুরতে চৈতন্যর সামনে দেখা বরিশাল থেকে আসা তরুণ শিক্ষক সাইফুল ভুঁইয়ার সঙ্গে। এক দিনের জন্য মেলায় এসেছেন। ঘুরে ঘুরে বই কিনতেই ব্যস্ত। এই ফাঁকে কেনা কয়েকটি বইয়ের নামও বলে দিলেন—ইমতিয়ার শামীমের উপন্যাসিকা অন্ধপ্রদীপ শূন্য-পানে (কথাপ্রকাশ), দেবদুলাল মুন্নার উপন্যাস রিফিউজি (বৈতরণী), বর্ণালী সাহার গল্পের বই জবরখাকি (ইউপিএল), উম্মে ফারহানার গল্পের বই টক টু মি (ঐতিহ্য), মামুন খানের কবিতার বই বরুণতলার বাওয়ানি (চৈতন্য), হাসনাত শোয়েবের সন্ধ্যায় ভুল পথে আহির ভৈরব (উড়কি)।

সন্ধ্যার পর আগামী প্রকাশনীতে আড্ডা দিচ্ছিলেন রাজনীতিবিদ রাশেদ খান মেনন। এ বছর প্রকাশিত আবদুল গাফ্‌ফার চৌধুরী স্মারকগ্রন্থ নেড়েচেড়ে দেখছিলেন তিনি। বললেন, ঘুরে ঘুরেই বই কিনতে পছন্দ করেন। আজও তাই করবেন।

বাংলা একাডেমির ভেতরে মূলমঞ্চে তখন চলছিল শহীদ বুদ্ধিজীবী গোবিন্দচন্দ্র দেব ও ভাষাসংগ্রামী গাজীউল হক স্মরণে আলোচনা অনুষ্ঠান। ফেরার পথে লিটলম্যাগ চত্বরে দেখা হয় কবি ও কথাসাহিত্যিক মুজতবা আহমেদ মুরশেদ এবং কবি পিয়াস মজিদের সঙ্গে। তাঁদের সঙ্গে গল্প করছিলেন ভারতের কলকাতা থেকে আসা অবসরপ্রাপ্ত শিক্ষক অমিয় ভূষণ সরকার ও তাঁর বন্ধু বিজন হাজরা। মেলায় এসে উচ্ছ্বসিত অমিয় ভূষণ বললেন, এ তো রীতিমতো জমজমাট বইয়ের মেলা।

একটু দূরেই তখন ক্লান্ত কয়েকজন পাঠক বইয়ের ব্যাগ হাতে জিরিয়ে নিচ্ছিলেন উদ্যানের লেকের পাশে থাকা কংক্রিটের টুলে। মাইকে ঘোষণা হচ্ছিল গতকাল মেলায় প্রকাশিত মোট বইয়ের সংখ্যা ৭৫টি। সেখানে বসা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মাহাতাব উদ্দীনের প্রশ্ন, এত এত বই যে বের হচ্ছে, এর মধ্যে ভালো বই খুঁজে পাওয়াও তো কঠিন। এ কথায় তাঁর পাশে বসা বন্ধুটি যেন হঠাৎ দার্শনিক হয়ে ওঠেন, ‘ভালো বই খুঁজে নিতে হয়, আবিষ্কারের মতো করেই।’