সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে প্রথম আলো বন্ধুসভার ‘লেখক বন্ধু উৎসব ২০২৬’।
আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ের সভাকক্ষে দিনব্যাপী এ উৎসব শুরু হয়। বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত চলবে আয়োজনটি। এতে সারা দেশের নির্বাচিত লেখক বন্ধুরা অংশ নিয়েছেন।
জাতীয় সংগীতের পর অনুষ্ঠিত হয় অংশগ্রহণকারী তরুণ লেখকদের পরিচয়পর্ব। লেখক বন্ধু উৎসব ২০২৬-এর আহ্বায়ক সৌমেন্দ্র গোস্বামীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা মুহসিনা বুশরা।
মাহমুদা মুহসিনা বুশরা বলেন, ‘লেখক বন্ধু উৎসবের এই আয়োজন একটু বিশেষ। একজন লেখক পারেন মানুষের কাছে সব বিষয় সুন্দরভাবে তুলে ধরতে। আজ যাঁরা এখানে এসেছেন, সবার জন্য শুভকামনা।’ সবাই ভালো কিছু শিখতে পারবেন বলে প্রত্যাশা করেন তিনি।
শুভেচ্ছা বক্তব্য দেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সাংগঠনিক সম্পাদক তৌহিদ ইমাম ও কার্যনির্বাহী সদস্য তাপসী রায়।
দিনের প্রথম সেশনে ‘ফ্ল্যাশফিকশন ও মাইক্রোফিকশন: বৈশ্বিক পরিপ্রেক্ষিত’ বিষয়ে আলোচনা করেন কথাসাহিত্যিক মোহিত কামাল। তিনি বলেন, ‘যে মনোযোগী হয়, সে সফল হয়। লেখক হতে চাইলে মোটিভেশন থাকতে হবে, লেগে থাকতে হবে, আগ্রহ থাকতে হবে।’
সারা দেশের যেসব বন্ধু নিয়মিত লেখালেখি করেন, তাঁদের কেউ কেউ ইতিমধ্যে বই প্রকাশ করেছেন, আবার কেউ বিভিন্ন পত্রিকায় নিয়মিত লেখেন। তরুণ লেখকদের উৎসাহিত করা এবং নতুন লেখক তৈরি করার লক্ষ্যেই তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে ‘লেখক বন্ধু উৎসব ২০২৬’।
উৎসবে লেখালেখির বিভিন্ন বিষয় নিয়ে কর্মশালার পাশাপাশি থাকছে উন্মুক্ত আলোচনা, লেখক–প্রকাশক–সম্পাদক আলাপচারিতা এবং সেরা লেখক বন্ধু সম্মাননা। থাকছে আরও নানা আয়োজন। এ আয়োজনে সহযোগী হিসেবে রয়েছে বিকাশ।
উৎসবে আলোচক হিসেবে আছেন অনুবাদক ও কথাসাহিত্যিক ফারুক মঈনউদ্দীন, কথাসাহিত্যিক মোহিত কামাল, সময় প্রকাশনীর প্রকাশক ফরিদ আহমেদ, বাতিঘরের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও প্রধান সম্পাদক (চিফ এডিটর) জাফর আহমদ রাশেদ এবং কথাসাহিত্যিক সাদাত হোসাইন। আছেন প্রথম আলোর নির্বাহী সম্পাদক ও কবি সাজ্জাদ শরিফ, প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক, কথাসাহিত্যিক ও বন্ধুসভার উপদেষ্টা আনিসুল হক ও প্রথম আলোর সহযোগী সম্পাদক সুমনা শারমীন।