রোহিঙ্গা সংকটকে আন্তর্জাতিক ‘মারপ্যাঁচের খেলা’ মনে করছেন পরিকল্পনামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান
ছবি সংগৃহীত

বাংলাদেশে রোহিঙ্গাসহ বিশ্বের বিভিন্ন জায়গায় শরণার্থী সংকটকে আন্তর্জাতিক ‘মারপ্যাঁচের খেলার’ অংশ বলে মনে করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। আজ বুধবার সকালে রোহিঙ্গা সংকটসংক্রান্ত এক নীতিনির্ধারণী সংলাপের উদ্বোধনী পর্বে তিনি এমন মত দেন।

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ যৌথভাবে এ সংলাপের আয়োজন করে। রাজধানীর একটি হোটেলে সংলাপটি অনুষ্ঠিত হয়।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমার মনে হয়, আন্তর্জাতিক যে মারপ্যাঁচের খেলা, সেখানে শুধু মিয়ানমার নয়, তুরস্কে প্রায় ৪০ লাখ শরণার্থী আছে। পৃথিবীর আরও অনেক জায়গায় এ ধরনের শরণার্থীরা আছে।’ কাউকে দোষারোপ করছেন না উল্লেখ করে তিনি বলেন, শরণার্থী সংকটের কারণ পণ্ডিত ব্যক্তিরা জানেন।

রোহিঙ্গা সংকট সমাধানে বর্তমান সরকারের বার্তা সম্পর্কে এম এ মান্নান বলেন, ‘সবাই ভালো; আন্তর্জাতিক সম্প্রদায় আরও ভালো। কিন্তু শেষবিচারে আমাদের নিজেদের ঘরে সমাধান খুঁজতে হবে।’ এ জন্য জাতীয় ঐক্যের ওপর জোর দিয়ে তিনি বলেন, ‘আন্তর্জাতিক বিষয়গুলো নিয়ে, প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক নিয়ে, টানাপোড়েনের বিষয়গুলো নিয়ে আমাদের মধ্যে সমাজের নিম্নস্তর পর্যন্ত শক্তিশালী ঐক্যের প্রয়োজন আছে। না হলে আমরা এ ধরনের বিষয়গুলো সমাধান করতে পারব না।’

সংলাপের উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা এ এস এম মাকসুদ কামাল। রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানো ‘দুরাশা’ উল্লেখ করে তিনি বলেন, রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে।

মাকসুদ কামাল বলেন, কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পের কারণে ওই এলাকার ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাচ্ছে। পরিবেশ ও কৃষির ওপর এর নেতিবাচক প্রভাব পড়ছে। রোহিঙ্গাদের মানবিক সাহায্যের পাশাপাশি পরিবেশ রক্ষায়ও কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেন, রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সাহায্যের হার কমছে। ২০১৮ সালে ৯৫১ মিলিয়ন মার্কিন ডলার সাহায্যের আবেদন করে ৬৮৯ মিলিয়ন পাওয়া যায়। ২০২২ সালে ৮৮২ মিলিয়নের আবেদন করে পাওয়া গেছে মাত্র ৩৮৩ মিলিয়ন।

রাশেদ আল মাহমুদ বলেন, রোহিঙ্গা জনসংখ্যা যে হারে বাড়ছে, তাতে ২০২৭ সালে তাঁদের চাহিদা মেটাতে প্রায় দুই হাজার ৭২৭ মিলিয়ন মার্কিন ডলারের প্রয়োজন হবে, যা আগামী বছরের চাহিদার প্রায় দ্বিগুণ।

ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ মহানুভবতার পরিচয় দিয়েছে। রোহিঙ্গা শিবির পরিদর্শনের অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন, ‘যখনই ক্যাম্পে যাই, তখনই রোহিঙ্গারা জানান যে তাঁরা মিয়ানমারে ফিরতে চান। কিন্তু মিয়ানমারের বর্তমান সরকার এ ব্যাপারে সম্মত নয়।’ তাদের রাজি করাতে তুরস্ক কাজ করছে বলেও তিনি জানান।

ইউএসএআইডি বাংলাদেশের মিশন ডিরেক্টর ক্যাথরিন ডেভিস স্টিভেনস বলেন, রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন এই মুহূর্তে সম্ভব নয়, এটি স্বীকার করতে হবে। রোহিঙ্গারা যাতে নিরাপদে থাকতে পারেন, এ জন্য ব্যয়সাশ্রয়ী ও টেকসই উদ্যোগ নেওয়ার ওপর জোর দেন তিনি।

ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ বলেন, ব্র্যাক সব সময়ই চায় রোহিঙ্গারা যেন মর্যাদা নিয়ে নিজেদের দেশে ফিরতে পারে। রোহিঙ্গাদের মানবিক সাহায্যের পাশাপাশি ক্যাম্পে নিরাপত্তা নিশ্চিত করার প্রতি জোর দেন তিনি।

আরও পড়ুন

আসিফ সালেহ বলেন, ক্যাম্পের নিরাপত্তাব্যবস্থা দিন দিন খারাপ হচ্ছে। একটি এলাকায় যখন প্রচুরসংখ্যক তরুণ থাকেন এবং তাঁদের যদি কোনো কাজ না থাকে, তাহলে আইনশৃঙ্খলা–ব্যবস্থার অবনতি হয়। তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, রোহিঙ্গা প্রত্যাবাসনই হবে টেকসই সমাধান।’

সংলাপে জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) বাংলাদেশে অন্তর্বর্তীকালীন কান্ট্রি রিপ্রেজেনটেটিভ–প্রধান সু জিন রি বলেন, রোহিঙ্গারা মানবিক সাহায্যের ওপর নির্ভরশীল। কারণ, তাঁদের ক্যাম্পের বাইরে যাতায়াত ও কাজের অধিকার নেই। তিনি বলেন, পাঁচ বছর আগে রোহিঙ্গাদের জন্য যে সাহায্য পাওয়া যেত, এখন সেটি পাওয়া যাচ্ছে না। রোহিঙ্গাদের মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি দক্ষতা বৃদ্ধি ও শিক্ষার প্রতি জোর দেন জাতিসংঘের এই কর্মকর্তা। তিনিও মনে করেন, রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারের হাতে।

ঢাকায় অবস্থিত কানাডা দূতাবাসের হেড অব কো-অপারেশন (রোহিঙ্গা রিফিউজি রেসপন্স) বিবেক প্রকাশ বলেন, রোহিঙ্গাদের জোরপূর্বক বাস্তুচ্যুত করা হয়েছে। তাদের ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারের প্রতি চাপ প্রয়োগ অব্যাহত আছে।

আরও পড়ুন