সংকটের মুখে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংস্কৃতি রক্ষার সুযোগ
বৃহত্তর জনগোষ্ঠীর সাংস্কৃতিক লেনদেন যত সহজ হয়, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সাংস্কৃতিক লেনদেন তেমন নয়। সাম্রাজ্যবাদী চিন্তার বিকাশ এই সাংস্কৃতিক লেনদেনের মধ্যে আরও বেশি সংঘর্ষ তৈরি করে। ‘ক্ষুদ্র নৃজাতি গোষ্ঠীর সাহিত্য ও সংস্কৃতি আধিপত্যের বিরুদ্ধতায়’ শীর্ষক আলোচনায় উঠে আসে এসব কথা।
ঢাকা লিট ফেস্টের শেষ দিন দুপুরে বাংলা একাডেমির বর্ধমান হাউস চত্বরে অনুষ্ঠিত এই পর্ব।
আলোচনায় অংশ নিয়েছেন মথুরা বিকাশ ত্রিপুরা, ভারতীয় অধ্যাপক নিখিলেশ রায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আকতার হোসেন, জিল্লুর রহমান এবং বিপম চাকমা।
আলোচনা অনুষ্ঠানে বক্তারা জানান, বাংলাদেশে এখনো ২০টির বেশি ক্ষুদ্র জাতিগোষ্ঠী আছে, যাদের কথ্য ভাষা থাকলেও লিখিত বর্ণমালা নেই। তাদের কাছেও আছে অনেক লোকসাহিত্য। এসব সংরক্ষণ করা না গেলে হারিয়ে যাবে। কেননা ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বর্তমান প্রজন্ম নিজেদের সংস্কৃতি থেকে অনেকটা সরে গেছে। আর যাদের কাছে সে লোকসাহিত্য আছে, সে মানুষেরাও হারিয়ে যাচ্ছে।
আলোচনার একপর্যায় উঠে আসে সাংস্কৃতিক আঘাতের কথা। বক্তারা জানান, শিক্ষিত মানুষের কাছ থেকেই সংস্কৃতি রক্ষার বিরুদ্ধে বেশি প্রতিবন্ধকতা আসে।
সাংস্কৃতিক রাজনৈতিক আধিপত্য কতটা আগ্রাসী, তা সাহিত্যে কখনো কখনো উঠে আসে, তবে তা সবার কাছে পৌঁছায় না। এ প্রসঙ্গে আবৃত্তি হয় কবি কবিতা চাকমার লেখা কবিতা ‘জ্বলি না উধম কিত্তেই’।
পাঠকদের প্রশ্নোত্তর পর্বে সাংবাদিক সেলিম সামাদ উল্লেখ করেন, মুক্তিযুদ্ধে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অবদান অনেক। কিন্তু তাদের নাম কখনো উল্লেখ করা হয় না।