ব্রাজিলের জয়ে চবিতে সমর্থকদের উচ্ছ্বাস
আগের বিশ্বকাপে দুবারের দেখা হয়েছিল ব্রাজিল আর সুইজারল্যান্ডের। দুবারই সমতায় খেলা শেষ হয়েছে। ব্রাজিলের আজকে জয়ে নতুন রেকর্ড গড়ার কথা আগে থেকেই অনুমান করেছিলেন দলটির সমর্থকেরা। সোমবার রাত সাড়ে নয়টা থেকেই তাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে ভিড় করতে থাকেন ফুটবলপ্রেমীরা। রাত ১০টায় খেলা শুরু হওয়ার পরই কানায়-কানায় ভরে যায় এ প্রাঙ্গণ।
৮৩ মিনিটে ব্রাাজিলের মিডফিল্ডার কাসেমিরোর করা একমাত্র গোলে জয় পায় দলটি। ফ্রান্সের পর দ্বিতীয় দল হিসেবে শেষ ষোলোতে এখন ব্রাজিল। ব্রাজিলের জয়ে বাঁধভাঙা উচ্ছ্বাসে মাতেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্রাজিলের সমর্থকেরা। ৯৬ মিনিটে খেলা শেষ হওয়ার পরই মিছিল শুরু করেন তাঁরা।
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের অর্থায়নে ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহযোগিতায় এবারের বিশ্বকাপের সব খেলা দেখতে ক্যাম্পাসের শহীদ মিনারের সামনে একটি ডিজিটাল স্ক্রিন বসানো হয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের সব হল ও এর আশপাশেও রয়েছে খেলা দেখার ব্যবস্থা। পছন্দের দলের খেলা দেখতে রোজই ক্যাম্পাসে ভিড় জমাচ্ছেন প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীসহ আশপাশের এলাকা থেকে আসা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বিশেষ করে ব্রাজিল-আর্জেন্টিনা—এ দুই দেশের খেলাতেই কানায়–কানায় পূর্ণ থাকে।
শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক প্রথম আলোকে বলেন, ক্যাম্পাসে বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে দিতে তাঁরা এ আয়োজন করেছেন। ভবিষ্যতে তাঁরা এ ধরনের আয়োজন চালু রাখবেন।