১০ জন বীর মুক্তিযোদ্ধা পেলেন সম্মাননা
দেশের ১০ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা জানিয়েছেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু। আজ শনিবার বেলা ১১টায় (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসের ৫২ বছর পূর্তিতে চ্যানেল আই চেতনা চত্বরে আয়োজিত বিজয় মেলায় ১০ জন বীর মুক্তিযোদ্ধাকে আজীবন সম্মাননা জানানো হয়। চ্যানেল আইয়ের পরিচালক বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু ১০ জন বীর মুক্তিযোদ্ধার প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক তুলে দেন। এ সময় বীর মুক্তিযোদ্ধাদের উত্তরীয় পরিয়ে ও ক্রেস্ট প্রদানের মাধ্যমে সম্মাননা জানানো হয়।
আজীবন সম্মাননাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধারা হলেন পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা আবদুল মজিদ, শরীয়তপুরের বীর মুক্তিযোদ্ধা আবদুস সামাদ তালুকদার, সিরাজগঞ্জের বীর মুক্তিযোদ্ধা গাজী ফিরোজুর রহমান, শেরপুরের বীর মুক্তিযোদ্ধা সুধাংশু সিংহ ও আবদুল আওয়াল, গাইবান্ধার বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল খালেক প্রধান ও আজহারুল ইসলাম, গাজীপুরের বীর মুক্তিযোদ্ধা হেবজুল বারী, রাজবাড়ীর বীর মুক্তিযোদ্ধা আ. রাজ্জাক মিয়া এবং বরগুনার মো. সালেহ উদ্দিন।
এ সময় বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু বলেন, মুক্তিযোদ্ধাদের সম্মাননা জানানোর এই প্রয়াস অব্যাহত থাকবে।
সম্মাননাপ্রাপ্ত ১০ জনের মধ্যে বীর মুক্তিযোদ্ধা আ. রাজ্জাক মিয়া, আবদুল আওয়াল ও মো. সালেহ উদ্দিন অসুস্থতার কারণে উপস্থিত থাকতে না পারায় তাঁদের পুরস্কারের অর্থ ও সম্মাননা নিজ নিজ বাড়িতে প্রকৃতি ও জীবন ক্লাবের মাধ্যমে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে প্রদান করা হয়।