খলিলুরকে ইসহাক দারের ফোন, ভবিষ্যৎমুখী অংশীদারত্ব প্রতিষ্ঠায় সম্মত

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার (ডানে)।

দুই দেশের জনগণের স্বার্থে ভবিষ্যৎমুখী অংশীদারত্ব প্রতিষ্ঠায় নানা ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে সম্মত হয়েছে পাকিস্তান ও বাংলাদেশ। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এ কথা জানিয়েছেন।

আজ রোববার বিকেলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে ফোনালাপের পর নিজের এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্ট ইসহাক দার এ কথা জানান।

আজ বিকেল পাঁচটার পর দুই পররাষ্ট্রমন্ত্রী ফোনে কথা বলেন। দুই পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপের সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপস্থিত ছিলেন বাংলাদেশে পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। ফোনালাপ শুরুর আগে তিনি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

ইসহাক দার এক্সে লিখেছেন, ‘খলিলুর রহমানের সঙ্গে ফোনালাপের সময় তাঁর সাম্প্রতিক নিয়োগ নিয়ে অভিনন্দন জানিয়েছি। শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির অভিন্ন লক্ষ্য সামনে রেখে আমরা দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের আশা ব্যক্ত করেছি।’

দুই পররাষ্ট্রমন্ত্রী বহুমাত্রিক খাতের পাশাপাশি বহুপক্ষীয় ফোরামে সহযোগিতা সম্প্রসারণে সম্মত হয়েছেন এবং পাকিস্তান ও বাংলাদেশের জনগণের স্বার্থে একটি ভবিষ্যৎমুখী অংশীদারত্ব গড়ে তুলতে সম্মত হয়েছেন বলেও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন।