গাজায় হামলার প্রতিবাদে আরও সোচ্চার হতে মানুষের জন্য ফাউন্ডেশনের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আজ শনিবার ফিলিস্তিনের গাজায় শিশু, নারী এবং নিরীহ জনগণকে হত্যার প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করে মানুষের জন্য ফাউন্ডেশন
ছবি: শুভ্র কান্তি দাশ

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে মানুষের জন্য ফাউন্ডেশন। হামলার প্রতিবাদে বাংলাদেশকে আরও সোচ্চার হতে আহ্বান জানিয়েছে সংগঠনটি।

আজ শনিবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এই মানববন্ধন হয়।

মানববন্ধনে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী বিশ্বনেতাদের উদ্দেশে বলেন, বড় বড় নেতৃত্ব দেন, রাজনীতি করেন, মানুষের কষ্ট দেখেন না। ফিলিস্তিন ও গাজার মধ্যে যা চলছে, তা যুদ্ধ নয় বলে মন্তব্য করেন তিনি। বলেন,  যুদ্ধ দুই পক্ষের মধ্যে হয়। কিন্তু জনসাধারণ, শিশু, নারীদের বিপক্ষে ইসরায়েলি বাহিনী অবস্থান নিয়েছে।

তিনি আরও বলেন, ‘এই যুদ্ধ শুরুর পর জার্মানি ইসরায়েলের কাছে ১০ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করেছে। এখানে কাদের ব্যবসায়িক স্বার্থ জড়িত। শিশু, নারী, সাধারণ মানুষের প্রাণের বিনিময়ে কেন এই ব্যবসা।’

ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আজ শনিবার ফিলিস্তিনের গাজায় শিশু, নারী এবং নিরীহ জনগণকে হত্যার প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করে মানুষের জন্য ফাউন্ডেশন
ছবি: শুভ্র কান্তি দাশ

মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে বলেন, হামাস নিরীহ মানুষের সঙ্গে যেটা করেছে, সেটাও নিন্দনীয়। কিন্তু ইসরায়েল নিরীহ মানুষের ওপর গণহত্যা চালাচ্ছে। তিনি আরও বলেন, ‘আমরা এক সাথে হই না।

আমাদের সেই সংস্কৃতি হয়নি যে লাখ লাখ মানুষ একসঙ্গে দাঁড়িয়ে প্রতিবাদ করবে। এটা আমাদের অনেক দিনের দুঃখ। নারীর প্রতি সহিংসতা হলে নারী সংগঠন দাঁড়ায়, শিশুর প্রতি সহিংসতা হলেও সেই শিশু সংগঠনই দাঁড়ায়। কেন এটা হবে? বাংলাদেশ থেকে আরও সোচ্চার হতে হবে।’ তিনি গাজা নিয়ে জোরালো অবস্থান নেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।  

মানববন্ধনে লিখিত বক্তব্য পাঠ করেন মানুষের জন্য ফাউন্ডেশনের কর্মসূচি সমন্বয়ক রুমা সুলতানা। তিনি বলেন, মানুষের জন্য ফাউন্ডেশনের (এমজেএফ) অবস্থান যেকোনো ভূখণ্ডে শিশু, নারী ও বেসামরিক নিরীহ জনগণের ওপর সব ধরনের হামলা ও নির্যাতনের বিরুদ্ধে।

মানুষের জন্য ফাউন্ডেশন এবং এর সহযোগী ও সমমনা সংগঠন আজকের এই মানববন্ধনে সংহতি জানিয়ে অংশ নেয়।