সৌদি আরবে বিমানবন্দরে হামলা, সকাল পর্যন্ত ঢাকা থেকে ৫ ফ্লাইট বাতিল
সৌদি আরবের রাজধানী রিয়াদে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ থাকায় ঢাকা থেকে আজ রোববার সকাল পর্যন্ত মোট পাঁচটি ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা–রিয়াদ রুটের একটি ফ্লাইট রয়েছে। এ ছাড়া সৌদি আরবের বিভিন্ন এয়ারলাইনসের ফ্লাইটও বাতিল হয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) তথ্য অনুযায়ী, বিমানবন্দর বন্ধ থাকায় এসব ফ্লাইট বাতিল করা হয়েছে। আগে রাতের ফ্লাইট বাতিলের তথ্য জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে সৌদি আরবের সৌদিয়া এয়ারলাইনসের এসভি ৮০৪ ও এসভি ৮০৫, এসভি ৮০৬ ও এসভি ৮০৭ এবং আরএক্স ৭৬৩ ও আরএক্স ৭৬৪। এ ছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ৩৩৯ ফ্লাইটটি বাতিল হয়েছে। ফ্লাইটটি ঢাকা থেকে রিয়াদ যাওয়ার কথা ছিল।
গতকাল শনিবার ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস ৩৮১ ফ্লাইটটি গন্তব্যে যেতে না পেরে অন্যত্র অবতরণ করে। ফ্লাইটটির ঢাকায় পৌঁছানোর নির্ধারিত সময় ছিল গতকাল বেলা ৩টা ১০ মিনিট। তবে এটি গতকাল দিবাগত রাত ৩টা ১০ মিনিটে অবতরণ করে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস গতকাল এক জরুরি বিজ্ঞপ্তিতে জানায়, রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এ কারণে বিমানের ঢাকা–রিয়াদ–ঢাকা রুটের বিজি ৩৩৯ ও বিজি ৩৪০ ফ্লাইটের যাত্রা স্থগিত করা হয়। ফ্লাইট দুটিতে টিকিট বুকিং করা যাত্রীদের বিমানবন্দরে না যেতে পরামর্শ দেওয়া হয়।
বিমান জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। ফ্লাইটের সর্বশেষ অবস্থা ও নতুন সময়সূচি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
রিয়াদে বিমানবন্দরের পরিস্থিতির কারণে ফ্লাইট বাতিল ও সূচি পরিবর্তনে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা জেনে নিতে পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
ফ্লাইট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪–এর তথ্য অনুযায়ী, রিয়াদগামী সব ফ্লাইট হয় অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে, নয়তো বাতিল করা হয়েছে। গতকাল সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণের পর এ সিদ্ধান্তে নেওয়া হয়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।
রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট স্থগিতের তথ্য দিয়ে রয়টার্স বলেছে, বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের সেখানে যাওয়ার আগে সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করতে বলেছে। ফ্লাইটের সর্বশেষ অবস্থাও যাচাই করতে বলা হয়েছে।
ফ্লাইট বাতিল ছাড়াও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিমানের বিজি ৩৩৯ ও ৩৪০ ফ্লাইট স্থগিতের কথা রাতে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে বিমান। দুটি ফ্লাইটই ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের।