ফারমার্স ব্যাংকে জালিয়াতি, স্ত্রী-পুত্রসহ বাবুল চিশতীর কারাদণ্ড
১০ বছর আগে তৎকালীন ফারমার্স ব্যাংক থেকে (বর্তমানে পদ্মা ব্যাংক) ১৬০ কোটি টাকা আত্মসাৎ করায় ব্যাংকটির নিরীক্ষা কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতী ওরফে বাবুল চিশতী, তাঁর স্ত্রী ও ছেলেসহ চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁদের ৩১৯ কোটি ৯০ লাখ ৯৯ হাজার ২৪০ টাকা জরিমানা করেছেন আদালত।
ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক সৈয়দ আরাফাত হোসেন আজ সোমবার এই রায় দেন। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী বিল্লাল হোসেন।
মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় মাহবুবুল হক চিশতী ও তাঁর ছেলে রাশেদুল হক চিশতীকে ১২ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। আর মাহবুবুল হকের স্ত্রী রোজী চিশতীকে ৫ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। আর তৎকালীন ফারমার্স ব্যাংকের ফার্স্ট প্রেসিডেন্ট মোহাম্মদ মাসুদুর রহমান খানকে পাঁচ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।
এ ছাড়া মাহবুবুল হক, তাঁর স্ত্রী রোজী চিশতী ও ছেলে রাশেদুল হকের নামে থাকা সব স্থাবর-অস্থাবর সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আদালত।
রায় ঘোষণার সময় বিচারক বলেন, মানি লন্ডারিংয়ের সঙ্গে জড়িত ব্যক্তিরা দেশের অর্থনীতির মেরুদণ্ড ধ্বংসকারী। তাঁরা রাষ্ট্রের শত্রু। এ ধরনের আর্থিক অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে শুধু দেশের অর্থনৈতিক ভিত্তি ক্ষতিগ্রস্ত হয় না, ব্যাংকিং ব্যবস্থাপনার প্রতি বিনিয়োগকারী ও সাধারণ জনগণের অনাস্থা তৈরি হয়। দেশের উন্নয়ন ও অগ্রগতি বাধাগ্রস্ত হয়। এটা হতে দেওয়া যায় না।
আদালত আরও বলেন, মানি লন্ডারিংয়ের মতো অপরাধ যাতে ভবিষ্যতে আর না হয়, সে জন্য আইনগত ব্যবস্থার পাশাপাশি ব্যাংকের পরিচালনা পর্ষদ, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে সততা ও দক্ষতার সঙ্গে আর্থিক নিয়ম ও বিধিবিধান কঠোরভাবে প্রতিপালন করা আবশ্যক।
মামলার নথি অনুযায়ী, ২০১৩ সালের ১ জুন থেকে ২০১৮ সালের ৩১ জানুয়ারির মধ্যে মাহবুবুল হক, তাঁর স্ত্রী এবং ছেলের নামে তৎকালীন ফারমার্স ব্যাংকের বিভিন্ন শাখায় ২৫টি ব্যাংক হিসাব খোলেন। পরে নানা অনিয়ম ও ক্ষমতার অপব্যবহার করে ব্যাংক থেকে ১৫৯ কোটি ৯৫ লাখ ৪৯ হাজার ৬৪৩ টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় দুদক ২০১৮ সালের ১০ এপ্রিল মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করেন। মামলাটি তদন্ত করে ২০১৯ সালের ১০ জুলাই মাহবুবুল হকসহ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।