চট্টগ্রামে অগ্নিঝুঁকিতে থাকা বিপণিবিতানে ভূগর্ভস্থ জলাধার চায় ফায়ার সার্ভিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরে অগ্নিঝুঁকিতে থাকা বিপণিবিতানগুলোতে ভূগর্ভস্থ জলাধার নির্মাণের জন্য সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরীকে চিঠি দিয়েছে ফায়ার সার্ভিস। রোববার এ চিঠি দেওয়া হয়।

মূলত নগরের নিউমার্কেট, রিয়াজউদ্দিন বাজার, টেরিবাজার এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ ধরনের জলাধার নির্মাণের অনুরোধ জানানো হয়। চিঠিতে এসব এলাকায় অবস্থিত বিপণিবিতানগুলোর জন্য ভূগর্ভস্থ জলাধারের ব্যবস্থা করতে বলা হয়েছে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক এম ডি আবদুল মালেক মেয়রকে এ চিঠি দিয়েছেন। চিঠির অনুলিপি দেওয়া হয়েছে ফায়ার সার্ভিসের মহাপরিচালক, চট্টগ্রাম জেলা প্রশাসক ও চট্টগ্রাম জেলা পুলিশ সুপারকেও।

চিঠিতে বলা হয়, গত ১১ মার্চ নগরের টেরিবাজার বণিক সমিতি, গত ১৯ মার্চ রিয়াজউদ্দিন বাজারের তামাকুমন্ডি লেন বণিক সমিতি ও ৮ এপ্রিল পৌর জহুর হকার্স মার্কেটের ব্যবসায়ী সমিতির নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ফায়ার সার্ভিস। এ সময় বিপণিবিতানগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে বিদ্যমান অগ্নিঝুঁকি ও নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন করা হয়।

পরিদর্শনের সময় দোকানগুলোতে উচ্চ দাহ্য কাপড়জাতীয় পণ্য ক্রয়-বিক্রয়সহ তা সংরক্ষণ করতে দেখা যায়। এসব বিপণিবিতানে পানির উৎস নেই। এতে হঠাৎ অগ্নিকাণ্ড ঘটলে পানির সংকটে অগ্নিনির্বাপণ কার্যক্রম মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে। ক্ষয়ক্ষতির পরিমাণও অনেক হবে।

৪ এপ্রিল রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের উদাহরণ টেনে চিঠিতে বলা হয়, এ অবস্থায় চট্টগ্রাম নগরের নিউমার্কেট, রিয়াজউদ্দিন বাজার, তামাকুমন্ডি লেইন, পৌর জহুর হকার্স মার্কেট ও টেরিবাজার এলাকার বিপণিবিতানগুলোতে ভুগর্ভস্থ জলাধার নির্মাণের বিকল্প নেই।

চিঠি দেওয়ার বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুল মালেক প্রথম আলোকে বলেন, নগরের এসব বিপণিবিতানে পানির উৎস নেই। অগ্নিকাণ্ড ঘটলে আগুন নেভানো কঠিন হয়ে পড়বে। তাই ভূগর্ভস্থ জলাধারের ব্যবস্থা করার জন্য মেয়রকে অনুরোধ জানানো হয়েছে।