১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে জজ মিয়ার রিটে আদেশ মঙ্গলবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জজ মিয়া
ছবি: সংগৃহীত

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় ‘জজ মিয়া’ সাজিয়ে কারাবাসে রাখা মো. জালাল ওরফে জজ মিয়াকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে করা রিটের ওপর আদেশের জন্য আগামীকাল মঙ্গলবার দিন ধার্য করেছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই দিন ধার্য করেন।

মামলায় বিনা অপরাধে মো. জালালকে চার বছর কারাগারে রাখায়, তাঁর মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে উল্লেখ করে গত ১১ আগস্ট স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শকসহ ১১ ব্যক্তি বরাবর আইনি নোটিশ পাঠানো হয়। এতে তাঁকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়। নোটিশের জবাব না পেয়ে মো. জালাল গত ১২ সেপ্টেম্বর রিটটি করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ হুমায়ন কবির। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়। তিনি প্রথম আলোকে বলেন, ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মো. জালালের করা রিটের ওপর শুনানি নিয়ে হাইকোর্ট মঙ্গলবার আদেশের জন্য দিন রেখেছেন।  

রিট থেকে জানা যায়, ২০০৪ সালের ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলার ঘটনায় ২০০৫ সালের জুনে মো. জলালকে গ্রেপ্তার করা হয়। এ মামলায় তাঁকে জজ মিয়া সাজিয়ে কারাবাসে রাখা হয়। ২০০৯ সালের জুনে তিনি মুক্তি পান। কোনো অপরাধ ছাড়াই তাঁকে প্রায় চার বছর কারাগারে রাখা হয়।

আরও পড়ুন

বেআইনিভাবে জজ মিয়াকে কারাবাসে রাখার জন্য তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, পুলিশের তৎকালীন মহাপরিদর্শক খোদা বকশ চৌধুরী, তৎকালীন সহকারী পুলিশ সুপার আবদুর রশীদ, মুন্সী আতিকুর রহমান ও সাবেক বিশেষ পুলিশ সুপার মো. রুহুল আমিন বা অন্য কোনো কর্মকর্তা বা ব্যক্তির দায় আছে কি না, তা নিরূপণে আপিল বিভাগের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।

একই সঙ্গে মো. জালালের মৌলিক অধিকার ক্ষুণ্ন হওয়ায় লুৎফুজ্জামান বাবর, খোদা বকশ চৌধুরী, আবদুর রশীদ, মুন্সী আতিকুর রহমান, রুহুল আমিন বা অন্য কোনো ব্যক্তি দায়ী হলে তাঁদের কাছ থেকে ক্ষতিপূরণের অর্থ আদায়ে নির্দেশনা চাওয়া হয়েছে। এ জন্য লুৎফুজ্জামান বাবর, খোদা বকশ চৌধুরী, আবদুর রশীদ, মুন্সী আতিকুর রহমান ও মো. রুহুল আমিনের স্থাবর–অস্থাবর সম্পত্তির তালিকা আদালতে দাখিলের জন্য  নির্দেশনা চাওয়া হয়েছে।

আরও পড়ুন

রিটে স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, পুলিশের তৎকালীন মহাপরিদর্শক খোদা বকশ চৌধুরী, তৎকালীন সহকারী পুলিশ সুপার আবদুর রশীদ, মুন্সী আতিকুর রহমান ও সাবেক বিশেষ পুলিশ সুপার মো. রুহুল আমিন, ঢাকার জেলা প্রশাসক ও মতিঝিল থানার ওসিসহ ১১ জনকে বিবাদী করা হয়েছে।

২০০৪ সালের ২১ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়। এতে দলের নেতা-কর্মীসহ ২২ জন নিহত হন। আহত হন তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনাসহ কয়েক শ নেতা-কর্মী।

আরও পড়ুন

শুরু থেকেই এ গ্রেনেড হামলা মামলার তদন্ত ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হয়। প্রথমে শৈবাল সাহা পার্থ, পরে আওয়ামী লীগ নেতা মোখলেসুর রহমানকে ফাঁসাতে না পেরে নোয়াখালীর সেনবাগ থেকে ধরে আনা হয় মো. জালালকে। তাঁকে দীর্ঘদিন রিমান্ডে রেখে ভয়ভীতি ও প্রলোভন দেখিয়ে তাঁর কাছ থেকে একটি সাজানো জবানবন্দি আদায় করা হয়।