সুপ্রিম কোর্ট আইনজীবীদের পাল্টাপাল্টি কর্মসূচি, কক্ষ ভাঙচুরের অভিযোগ
বরিশাল আদালতের বিচারকের এজলাস কক্ষে হট্টগোল ও ভাঙচুরের প্রতিবাদে ‘সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের’ ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সুপ্রিম কোর্টের আইনজীবীদের একাংশ। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে তারা এই মানববন্ধন করে। এর পরপরই আওয়ামী লীগবিরোধী স্লোগানসহ মিছিল করে সমিতির সভাপতির কক্ষের সামনে সংক্ষিপ্ত সভা করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। এর মধ্যে সমিতির বর্ধিত ভবনে থাকা আইনজীবী আবু সাঈদ সাগরের কক্ষ ভাঙচুর ও একাধিক আইনজীবী লাঞ্ছিত হওয়ার অভিযোগ উঠেছে।
আজ বুধবার দুপুরে সমিতি প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনে আইনজীবী চঞ্চল কুমার বিশ্বাস, কুমার দেবুল দে, তামান্ন ফেরদৌস, উজ্জ্বল হোসেন, আসলাম মিয়া প্রমুখ বক্তব্য দেন। সঞ্চালনায় ছিলেন আইনজীবী সুবীর নন্দী দাস।
এর পরপরই জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আইনজীবীরা স্লোগান ও মিছিল নিয়ে সমিতি ভবন প্রদক্ষিণ করেন। পরে সমিতি ভবনের সামনে সংক্ষিপ্ত সভা করেন তাঁরা। সভায় ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক গাজী কামরুল ইসলাম বলেন, সরকারের এক মাস পূর্তি হয়নি, এর মধ্যে তারা (আওয়ামী লীগ) মাথাচাড়া দিয়ে উঠছে। এই সভা থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, হাইকোর্টে গত ১৭ বছরে আপনারা যা করেছেন, আপনাদের চেহারা কোনো সাধারণ আইনজীবী দেখতে চান না। আবারও যদি লাউঞ্জে মিটিং করেন, এখানে নাম বদলিয়ে মিটিং করেন, পরিবর্তিত পরিস্থিতিতে কোনো ঘটনা ঘটলে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম দায়ী থাকবে না।’
এ সময় ‘আওয়ামী লীগের আস্তানা’ ও ‘ফ্যাসিস্টদের আস্তানা সুপ্রিম কোর্ট হবে না, হবে না’ বলেও স্লোগান দেন তাঁরা। সভায় অন্যান্যের মধ্যে ফোরামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আবদুল্লাহ আল মাহবুব ও গাজী তৌহিদুল ইসলাম, সমিতির সাবেক সিনিয়র সহসম্পাদক কাজী জয়নাল আবেদীন প্রমুখ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে অংশ নেওয়া আইনজীবী চঞ্চল কুমার বিশ্বাস অভিযোগ করেন, শান্তিপূর্ণ মানববন্ধন শেষে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্ধিত ভবনে নিজের চেম্বার (রুম নম্বর-৪০২১) তিনি আসেন। সে সময় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আইনজীবী গাজী তৌহিদুল ইসলামের নেতৃত্বে সমর্থকেরা এসে প্রথমে আইনজীবী আবু সাঈদ সাগরের রুম (কক্ষ নং-২০২১) ভাঙচুর করেন। এরপর মিছিল নিয়ে তাঁর কক্ষে এসে হামলা করেন। জুনিয়র সহকর্মী সুপ্রকাশ দত্ত অমিত বাধা দিতে গেলে তাঁকে মারধর করেন। নিজেও হামলার শিকার হন বলে জানান এই আইনজীবী।
উল্লেখ্য, আইনজীবী আবু সাঈদ সাগর বিগত সময়ে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি পদে নির্বাচন করেছিলেন।
জানতে চাইলে ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক গাজী কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন, তিনি (আবু সাঈদ সাগর) দুদিন আগে বর্তমান প্রধানমন্ত্রী সম্পর্কে বিভিন্ন কটূক্তি করেছেন। সাধারণ আইনজীবীরা ক্ষুব্ধ ছিলেন। যখন আজ মিছিল নিয়ে তাঁর কক্ষের সামনে দিয়ে যাচ্ছিল, তখন সেখানে আওয়ামী লীগের মিটিং চলছিল। তখন দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এটি একতরফা নয়, দুই তরফা। আর কক্ষ ভাঙচুরের কোনো ঘটনা ঘটেনি।