সাইবার অপরাধ দমনে পুলিশকে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তার আশ্বাস চীনের
সাইবার অপরাধ দমনে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ, কারিগরি ও প্রয়োজনীয় সরঞ্জাম (লজিস্টিক) সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে চীন। একই সঙ্গে টেলিকমভিত্তিক প্রতারণাসহ সাইবার অপরাধ মোকাবিলায় দুই দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে তথ্য ও অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে আইজিপি আলী হোসেন ফকিরের সঙ্গে চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ও ডেপুটি চিফ অব মিশন লিউ ইউইনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করে। তখন এসব বিষয়ে আলোচনা হয় বলে পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এ সময় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ পুলিশ ও চীনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার, বিশেষ করে সাইবার অপরাধ মোকাবিলা, তথ্য বিনিময় ও আইনশৃঙ্খলা–সংক্রান্ত সহযোগিতার বিষয়ে মতবিনিময় হয়েছে।
সাক্ষাৎকালে চীনা প্রতিনিধিদল বাংলাদেশ পুলিশের সাইবার অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াতে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন। এ ক্ষেত্রে সাইবার অপরাধসংক্রান্ত প্রশিক্ষণ, কারিগরি সহায়তা, প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বাংলাদেশ পুলিশকে সহযোগিতার বিষয়টি গুরুত্ব পেয়েছে।
ভবিষ্যতে সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিনির্ভর অপরাধ মোকাবিলায় দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি প্রশিক্ষণ ও কারিগরি সক্ষমতা বাড়ানোর মাধ্যমে দীর্ঘমেয়াদি সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।